প্রথম আলোর প্রতিনিধিকে হুমকির নিন্দা
প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি আসিফ হোসেনকে হুমকি দেওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ ও সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম এবং নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন গতকাল রোববার এক বিবৃতিতে বলেন, ‘প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধিকে হুমকির ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার নিন্দা জানাচ্ছি। ২৩ ডিসেম্বর রোববার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় “খবর ছাপলে গুষ্টিসহ গুলি করে মারব” শিরোনামের সংবাদের প্রতি আমাদের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আওয়ামী লীগ নেতা শামীম ওসমান মুঠোফোন করে আসিফ হোসেনকে সপরিবারে গুলি করে হত্যার হুমকি দেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমরা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি ও তীব্র নিন্দা জানাচ্ছি।’ বিজ্ঞপ্তি।