প্রথম আলোর প্রতিনিধির জমি দখলের চেষ্টা
প্রথম আলোর দিনাজপুর প্রতিনিধি আসাদুল্লাহ্ সরকারের জমি স্থানীয় ভূমিদস্যুরা দখল করার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেলে ভূমিদস্যুদের সন্ত্রাসীরা তাঁর জমির সীমানাখুঁটি ও জমিতে থাকা নলকূপ উপড়ে ফেলে। পাশাপাশি জমিতে এলে আসাদুল্লাহ্ সরকারকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই দিন রাতে আসাদুল্লাহ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।
আসাদুল্লাহ্ সরকার অভিযোগ করেন, সদর উপজেলার সৈয়দপুর গ্রামে তাঁর বাড়ির ৫ দশমিক ৫ শতাংশ জমির ভুয়া দলিল তৈরি করে পাশের মাশিমপুর গ্রামের মো. আশরাফ আলী ও মো. রাউফুল মিয়া তা দখলের চেষ্টা করে আসছিলেন। গত শুক্রবার সকালে আসাদুল্লাহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জরিপকারক দিয়ে জমিটি মাপযোগ করে সীমানাপ্রাচীর দেন এবং শনিবার সেখানে তিনি নলকূপ স্থাপন করেন। ওই দিন বিকেলে আশরাফ আলী ও তাঁর ছেলেরা সন্ত্রাসীদের নিয়ে ওই জমিতে যান। তাঁরা নলকূপ এবং সীমানাখুঁটি উপড়ে ফেলেন এবং জমিতে এলে আসাদুল্লাহকে স্বপরিবারে মেরে ফেলার হুমকি দেন।
ওই থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, ঘটনা তদন্ত করার জন্য থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিককে দায়িত্ব দেওয়া হয়েছে।