প্রথম আলোর প্রতিনিধির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা
দৈনিক প্রথম আলোর জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি অমিত দেবের গ্রামের বাড়িতে আগুন লাগানোর ঘটনায় গতকাল সোমবার থানায় একটি মামলা হয়েছে। মামলাটি দায়ের করেছেন অমিত দেবের বাবা অমল কান্তি দেব।গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মজিদপুর গ্রামে অমিত দেবের বাড়িতে পূর্ববিরোধের জের ধরে একই গ্রামের মৃণাল কান্তি দেব ও তাঁর লোকজন আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ পাওয়া যায়। ওই বাড়িটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিলেন মৃণাল কান্তি ও তাঁর লোকজন। গত ৩১ আগস্ট আদালতের রায়ে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ বাড়িটি অমল কান্তি দেবকে বুঝিয়ে দেন। এ ঘটনার জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়িতে আগুন দেয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন আহমদ বলেন, মামলায় আসামি হিসেবে মৃণাল কান্তি দেবসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এদিকে প্রথম আলো প্রতিনিধি অমিত দেবের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার নিন্দা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের নেতারা। তাঁরা জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।