প্রথম আলোর সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা প্রতিনিধি সালেহ আহমদের ওপর প্রকাশ্যে আওয়ামী লীগ-যুবলীগের হামলার ঘটনায় পুলিশ মামলা নেয়নি। উল্টো সালেহ আহমদকে জড়িয়ে দেওয়া একটি চাঁদাবাজির মামলা নিয়েছে পুলিশ। ধরমপাশা থানায় গত বৃহস্পতিবার মামলাটি করেছেন সেলবরষ ইউনিয়নের সলফ গ্রামের জনৈক জীবন মিয়া।মামলায় সালেহ আহমদ, তাঁর আপন ছোট ভাই, আত্মীয়স্বজনসহ ১২ জনকে আসামি করা হয়েছে। গত ২৬ মার্চ উপজেলা প্রশাসনের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সামনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীরের নেতৃত্বে হামলায় আহত হন সালেহ আহমদ। পরে তিনি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। ঘটনার পরদিন সালেহ আহমদ বাদী হয়ে আলমগীর কবীর, তাঁর ভাই যুবলীগের উপজেলা শাখার আহ্বায়ক জুবায়ের পাশাসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ তদন্তের নামে পাঁচ দিনেও সেটি মামলা হিসেবে নথিভুক্ত না করায় ১ এপ্রিল আদালতে মামলা করেন তিনি। এই মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন।থানা থেকে জানা গেছে, সালেহ আহমদকে জড়িয়ে দেওয়া মামলায় বাদী অভিযোগ করেছেন, জীবন মিয়ার আত্মীয় নেত্রকোনোর বারহাট্টা উপজেলার ডুমুরিয়া গ্রামের সিরাজ, মানিক, শহীদ ও রাসেল ধরমপাশা এলাকায় এসে গরু কেনাবেচা করেন। বিভিন্ন সময়ে আসামিরা তাঁদের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে এই এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে।২৬ মার্চ দুপুরে বাদীর বাড়ি থেকে তাঁরা বের হলে আসামিরা তাঁদের ঘিরে ধরে এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তাঁরা চাঁদা দিতে অস্বীকার করলে সালেহ আহমদের হুকুমে জীবন মিয়াসহ অন্যদের মারধর করে আসামিরা। মামলায় ১২ জন আসামির মধ্যে ১২ নম্বরে রয়েছেন সালেহ আহমদ।যুবলীগের ইউনিয়ন শাখার নেতা মোহাম্মদ শরীফ, সালেহ আহমদের ছোট ভাই শামীম আহমদ, মামাতো ভাই রুবেল, রুসেল ও রাহেল, চাচাতো ভাই শহিদুল ইসলাম, সুহেল, সৈয়দ নূর, রাসেল, উজ্জ্বল ও দুলা মিয়াকে আসামি করা হয়েছে। সেলবরষ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য আবদুল মতিন বলেন, ‘২৬ মার্চ দুপুরে সলফ গ্রামের মাঠে ষাঁড়ের লড়াই নিয়ে সলফ ও মাইজবাড়ী গ্রামের (সালেহ আহমদের গ্রাম) লোকদের মধ্যে মারামারি হয়। আমরা সেটি মিটমাট করে দিয়েছি। কিন্তু সালেহ আহমদ তো এসবের মধ্যে ছিলেন না। এখন যে মামলার কথা শুনছি, এ ধরনের কোনো ঘটনাই আমাদের এখানে ঘটেনি।’জানা গেছে, মামলার বাদী জীবন মিয়া আওয়ামী লীগের নেতা আলমগীর কবীরের ঘনিষ্ঠ লোক। তিনিই তাঁকে দিয়ে সালেহ আহমদ ও তাঁর পরিবারের লোকজনকে হয়রানি করার জন্য এই মামলাটি করিয়েছেন। মামলার বিষয়ে কথা বলতে ধরমপাশা থানার ওসি বায়েস আলমের মুঠোফোনে যোগাযোগ করলে প্রথমে তিনি ফোন ধরেননি।