
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট দুটি প্রতিবেদন প্রথম আলোয় প্রকাশিত হওয়ায় নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র সংসদের (চাকসু) ভিপি। আজ রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) আয়োজিত ইফতার পার্টি ও আলোচনা সভায় এ ঘটনা ঘটে।
ভিপি নাজিম উদ্দিন বলেন, ‘দুই দিন ধরে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত্ নিয়ে আশাহত করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত এই সংকট কাটিয়ে তোলা।’
এর জবাবে পাল্টা বক্তব্যে প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয় চালানো অনেক কষ্টের। ভিপিকে শিক্ষার্থীরা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। কিন্তু উনি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো তুলে না ধরে শুধু সমালোচনাই করে গেলেন।’
উল্লেখ্য, গতকাল শনিবার ‘একজন ক্ষমতাধর উপাচার্য’ এবং আজ রোববার ‘অনিয়মের জালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’ শীর্ষক দুটো প্রতিবেদন প্রথম আলোর শেষ পাতায় প্রকাশিত হয়। এ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভিপি তর্কে জড়ালেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, চবিসাসের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি গঠনমূলক সমালোচনা মিডিয়াতে তুলে ধরার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের এ যাত্রা অব্যাহত থাকুক।
বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি বেনু কুমার দে, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আলমগীর চৌধুরী, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক আলী আজগর চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ছাত্রাবাসের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের সভাপতি, সহকারী প্রক্টররা, বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের ব্যুরোপ্রধান, চবিসাসের সাবেক নেতারাসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।