প্রথম আলোর প্রতিবেদন বিষয়ে প্রধানমন্ত্রীকে সারসংক্ষেপ দিলেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘৬১ ভাগ সড়কই নাজুক’ শীর্ষক প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন ও কার্টুন বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয় থেকে গতকাল রোববার প্রধানমন্ত্রী বরাবর একটি সারসংক্ষেপ পাঠানো হয়েছে।যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও মন্ত্রণালয়ের সচিব মোজাম্মেল হোসেন খানের সই করা ওই সারসংক্ষেপের সঙ্গে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন, কার্টুন ও সম্পাদক বরাবর দেওয়া চিঠিরও কপি সংযুক্ত করা হয়।সারসংক্ষেপে বলা হয়, গত বৃহস্পতিবার দেশের সড়ক যোগাযোগব্যবস্থার নাজুক অবস্থা নিয়ে সাংসদ তোফায়েল আহমেদ জাতীয় সংসদে যে বক্তব্য দিয়েছেন, তাতে প্রভাবান্বিত হয়ে প্রথম আলো বিকৃত ও অনৈতিক কার্টুনসহ বিভ্রান্তিমূলক প্রতিবেদন ছেপেছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে বলা হয়, জাতীয় সংসদে যোগাযোগ মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে সাংসদ ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ কঠোর ভাষায় সমালোচনা করেছেন। যোগাযোগমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে সাংসদের অভিযোগের বিপরীতে তথ্যনির্ভর জবাব দিয়েছেন। বিষয়টি টেলিভিশনের মাধ্যমে দেশবাসী প্রত্যক্ষ করেছে।সারসংক্ষেপে আরও বলা হয়, তোফায়েল আহমেদ যে বক্তব্য দিয়েছেন, তাতে যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি তাঁর তীব্র ক্ষোভ ও ঈর্ষারই বহিঃপ্রকাশ ঘটেছে। বর্তমান সরকারের আমলে যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ থেকে নেওয়া প্রকল্পের অবস্থাও বর্ণনা করা হয়েছে সারসংক্ষেপে। প্রায় একই বিষয় প্রথম আলোর সম্পাদককে দেওয়া যোগাযোগমন্ত্রীর চিঠিতেও উল্লেখ করা হয়েছে।