প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে বন্ধুসভার আয়োজন
প্রথম আলোর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবন মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর বন্ধুসভা। এ ছাড়া সারা দেশের প্রতিটি বন্ধুসভা একটি করে ভালো কাজ করে।
সিএ ভবন মিলনায়তনের অনুষ্ঠানে অংশ নেন ঢাকা মহানগরের বিভিন্ন বন্ধুসভার তিন শতাধিক বন্ধু। অনুষ্ঠানের শুরুতে বন্ধুরা তাঁদের অনুভূতির কথা জানান। এরপর ইম্পিরিয়াল কলেজ বন্ধুসভার বন্ধুরা দলীয় নৃত্য পরিবেশন করেন। সংগীত পরিবেশন করেন দেবলীনা সুর ও প্রিয়াংকা বিশ্বাস। দলীয় সংগীত পরিবেশন করে ইম্পিরিয়াল কলেজ বন্ধুসভা। একক নৃত্য পরিবেশন করেন আনন্দিতা খান। পুতুলনাচ পরিবেশন করেন পলক। ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাদিয়া সুলতানা, সানজিদা আলম, জোয়ানা, সোহেল রহমান, আবু তালেব ও আল-আমিন শেখ পরিবেশন করেন ফ্যাশন শো। একক মূকাভিনয় পরিবেশন করেন মীর লোকমান। একপর্যায়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পরিচালনা পর্ষদের হাসান মাহমুদ, জান্নাতুল বাকের, শান্তা তাওহিদা, সোলায়মান কবির, আহম্মেদ রেজাউল করিম, মাসুম বিল্লাহসহ আরও অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওমর ফারুক, শাহিন মাহফুজ, অনিক সাহা, তানভিন নাহার ও মৌসুমী মৌ।
জাতীয় সংগীত শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন।