প্রথম আলোর ফেসবুক পেজে সদস্য ১০ লাখ ছাড়িয়েছে

প্রথম আলোর ফেসবুক পেজের সদস্য ১০ লাখ ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার রাতে প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেজে (www.facebook.com/DailyProthomAlo) সদস্যের সংখ্যা ১০ লাখ পূর্ণ হয়। আজ বেলা দুইটা পর্যন্ত এ পেজের সদস্যসংখ্যা ১০ লাখ চার হাজার। এর আগে গত বুধবার আনুষ্ঠানিকভাবে প্রথম আলোর ফেসবুক পেজকে স্বীকৃতি দেয় সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক।
ফেসবুক বিভিন্ন দেশের তারকা, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, জনপ্রিয় ব্র্যান্ড এবং ব্যবসার পেজকে অফিশিয়াল হিসেবে স্বীকৃতি দিয়ে থাকে। এ স্বীকৃতি প্রমাণ করে এটি অফিশিয়াল ফেসবুক পেজ। স্বীকৃতি দেওয়া ফেসবুক পেজের পাশে নীল রঙের টিক চিহ্ন দেওয়া হয়, যা প্রমাণ করে এ পেজটি ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত। উল্লেখ্য, এর আগে বাংলাদেশের চারজন ব্যক্তি ও একটি ব্যান্ড দল এ স্বীকৃতি পেয়েছে। গণমাধ্যম, ব্র্যান্ড কিংবা প্রতিষ্ঠান হিসেবে প্রথম আলোর ফেসবুক পেজ প্রথম এ স্বীকৃতি পায়।
প্রথম আলোর নানা খবর এখন ফেসবুক পেজের পাশাপাশি প্রথম আলোর অফিশিয়াল টুইটার (www.twitter.com/ProthomAlo) এবং অফিশিয়াল গুগল প্লাস পেজেও (http://plus.google.com/+ProthomAlo) পাওয়া যাচ্ছে।