প্রথম আলোর বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৫০০০ কোটি টাকার অস্ত্র-সরঞ্জাম ক্রয়’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের ছয় মাস আগে ১ মার্চ এ ব্যাপারে জানতে চেয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে লিখিতভাবে তথ্য চাওয়া হয়েছিল।
কিন্তু তখন তথ্য দিয়ে সহায়তা করা হয়নি। এরপর ব্যক্তিগত যোগাযোগের একপর্যায়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গত ২৫ মার্চ লিখিতভাবে জানানো হয়, ‘বিষয়টি জাতীয় নিরাপত্তা-সংশ্লিষ্ট হওয়ায় উত্তর দেওয়া সম্ভব নয়।’
ওই সময় তথ্য দিয়ে সহায়তা করা হলে প্রতিবেদনটি আরও তথ্যবহুল হতে পারত। সশস্ত্র বাহিনী বিভাগের বক্তব্যে বলা হয়েছে, ‘সেনা, নৌ ও বিমানবাহিনীর ক্রয়-সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার আর্থিক পরিমাণ এবং বর্ণিত সরঞ্জামাদির নাম ও পরিমাণ অনেক ক্ষেত্রেই সঠিক হয়নি।’ কিন্তু কতটুকু সঠিক আর কোনটা সঠিক নয়, ব্যাখ্যায় তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি।
বক্তব্যে বলা হয়েছে, ‘জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময়ে অন্যান্য খাতের বরাদ্দের সাথে প্রতিরক্ষা খাতের বরাদ্দও জনগণের জ্ঞাতার্থে পেশ করা হয়ে থাকে।’
এটা সত্যি যে বাজেট পেশ করা হয়ে থাকে। কিন্তু সেই বাজেটের অর্থ কী কাজে ব্যয় করা হয়ে থাকে, তা যাদের এ ব্যাপারে জানার অধিকার আছে, সেই সংসদীয় কমিটির সদস্যরাও জানতে পারেন না। এ নিয়ে সংসদে কখনো আলোচনা হয় না।
সশস্ত্র বাহিনীর ব্যাখ্যায় আরও বলা হয়েছে, ‘সশস্ত্র বাহিনীতে সংযোজিত অস্ত্র ও সরঞ্জামাদি প্রতিবছর সামরিক প্রদর্শনী ও জাতীয় প্যারেডে জনসম্মুখে প্রদর্শন করা হয়।’
প্রশ্ন হলো, যে অস্ত্র-সরঞ্জাম জনগণের দেখার জন্য প্রদর্শিত হয়, সেই সরঞ্জাম কেনাকাটার তথ্য কেন গোপন তথ্য হবে? সেই অস্ত্র কেনার চুক্তি বা এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জনগণের কাছে প্রকাশ করতে বাধা কোথায়?
বক্তব্যে বলা হয়েছে, ‘বর্তমান সরকারের সময় ফোর্সেস গোল ২০৩০ প্রণয়ন করা হয়, যা পর্যায়ক্রমে বাস্তবায়নের কার্যক্রম চলমান রয়েছে।’ কিন্তু ফোর্সেস গোল নিয়ে এখন পর্যন্ত জাতীয় সংসদে কোনো আলোচনা হয়নি। এতে কী আছে, তা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছু দায়িত্বশীল ব্যক্তি ছাড়া আর কেউ জানেন না। দেশে কোনো প্রতিরক্ষা নীতি নেই। বর্তমান সরকারের আমলেও এ নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু কোনো কিছু হয়নি। প্রতিরক্ষা নীতি না থাকার পরেও ‘ফোর্সেস গোল’ কীসের ভিত্তিতে হয়েছে, তা-ও কেউ জানেন না। আবার অস্ত্র-সরঞ্জাম কেনা নিয়ে যেসব চুক্তি হয়, তা-ও প্রকাশ করা হয় না। সম্প্রতি বেলারুশের সঙ্গে সম্পাদিত চুক্তি বাংলাদেশ সরকার প্রকাশ না করলেও তা বেলরুশ সংসদে উত্থাপিত হয়েছে। বেলারুশের সরকারি সংবাদ সংস্থা সে তথ্য প্রকাশও করেছে।
প্রথম আলোর প্রতিবেদনে সামরিক অস্ত্র-সরঞ্জাম কেনার বিপক্ষে কোনো মতামত ছিল না। এতে বলা হয়েছিল, কোন নীতির ভিত্তিতে এসব কেনা হচ্ছে, তা স্পষ্ট করা দরকার। এসব কেনাকাটায় যেন স্বচ্ছতা থাকে, সেটাও নিশ্চিত করতে হবে। দেশের সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ কী কাজে ব্যয় করা হচ্ছে, তা জানার অধিকার মানুষের আছে।