প্রথম আলোর বাউফল প্রতিনিধিকে বিএনপি নেতার হুমকি
প্রথম আলোর পটুয়াখালীর বাউফল উপজেলা প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানকে প্রকাশ্যে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। ঈদের দিন শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধানদী গ্রামের মেহের আলী পণ্ডিত বাড়ির সামনে বাউফল উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফারুক আহম্মেদ তালুকদার এ হুমকি দেন। হুমকির ঘটনায় শুক্রবার রাতেই বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে এ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন এ বি এম মিজানুর রহমান। তিনি জানান, ঈদুল ফিতরের নামাজ আদায় করে তাঁর ছেলে ও বাবাকে নিয়ে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের মেহের আলী পণ্ডিতবাড়ির সামনে পৌঁছালে বিএনপি নেতা ফারুক আহমেঞ্চদ তালুকদার ও তাঁর সঙ্গে থাকা ২০-২৫ জন তাঁর সামনে উপস্থিত হয়ে প্রকাশ্যে তাঁকে জীবননাশের হুমকি দেন।