প্রথম আলোর বাউফল প্রতিনিধিকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো’র পটুয়াখালীর বাউফল উপজেলা প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানকে প্রকাশ্যে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার ঈদের দিন দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধানদী গ্রামের মেহের আলী পণ্ডিত বাড়ির সামনে বাউফল উপজেলা শাখা বিএনপির সভাপতি এ কে এম ফারুক আহম্মেদ তালুকদার এ হুমকি দেন। এ ঘটনায় ওই রাতেই বাউফল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

চলতি মাসের ৬ তারিখের ‘প্রথম আলো’য় ‘সাবেক সাংসদের সফর নিয়ে বাউফল বিএনপিতে তোলপাড়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

এই সংবাদের জের ধরে এ হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন এ বি এম মিজানুর রহমান। তিনি জানান, ঈদের নামাজ পড়ে ছেলে ও বাবাকে নিয়ে মোটরসাইকেলে করে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে আত্মীয়স্বজনের সঙ্গে কুশল বিনিময় ও মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করতে যান তিনি। সেখান থেকে ফেরার পথে দুপুর সাড়ে ১২টার দিকে ওই গ্রামের মেহের আলী পণ্ডিত বাড়ির সামনে বিএনপির নেতা ফারুক আহম্মেদ তালুকদার ২০-২৫ জনের একটি বাহিনী নিয়ে তাঁর গতিরোধ করেন। তিনি সবার সামনেই হুমকি দিয়ে বলেন, ‘তোকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেব, তুই নাকি আমার বিরুদ্ধে উল্টা-পাল্টা লেখছিস, তোকে কিন্তু দুনিয়া থেকে সরিয়ে দেব।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার সাধারণ ডায়েরি করার বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে ফারুক আহম্মেদ তালুকদার বলেন, ‘তাঁকে হুমকি দেইনি। আমি মারা গেলে আমার জানাজার নামাজ পড়তে ও কবরে মাটি দিতে তাঁকে নিষেধ করেছি।’