প্রথম আলোর বালাগঞ্জ প্রতিনিধিকে হত্যার হুমকি
প্রথম আলোর বালাগঞ্জ প্রতিনিধি শিপন খানকে হত্যার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতার ভাই। প্রকাশিত একটি সংবাদে ক্ষুব্ধ হয়ে গত রোববার রাতে তাঁকে এ হুমকি দেওয়া হয়। শিপন খান রাতেই বালাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জানা গেছে, রোববার রাত পৌনে ১১টার দিকে শিপন খান থানা সড়কের একটি দোকানে বসেছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিনের ছোট ভাই তুরন মিয়া সেখানে হাজির হন। প্রথম আলোয় সংবাদ প্রকাশের জের ধরে তুরন এ সময় শিপনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পত্রিকায় তাঁর ভাইয়ের নাম কেন ছাপা হলো, তা প্রত্যাহার করতে হবে, না হলে শিপনকে খুন করে ফেলা হবে বলে হুমকি দেন তিনি। বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিমউদ্দিন বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’ প্রথম আলোয় ২০ ফেব্রুয়ারি ‘আ.লীগের নেতা-কর্মীরা দুস্থ!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।