প্রথম আলোর বিদেশি বন্ধুদের প্রীতি সম্মিলনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রিত বিদেশি বন্ধুদের প্রীতি সম্মিলনী। ছবি: প্রথম আলো
প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমন্ত্রিত বিদেশি বন্ধুদের প্রীতি সম্মিলনী। ছবি: প্রথম আলো

প্রযুক্তির উৎকর্ষের কারণে বিশ্বজুড়ে ইংরেজি পত্রিকাগুলোর প্রচার সংখ্যা কমছে। তবে দক্ষিণ এশিয়ার বাংলা, হিন্দিসহ অন্যান্য স্থানীয় ভাষার কাগজগুলোতে এ ঢেউ লাগেনি। আর গত ১৫ বছরে প্রচার সংখ্যার শীর্ষে পৌঁছার পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থেকে নিজেকে অনন্য স্থানে নিয়ে গেছে ‘প্রথম আলো’।

আজ শনিবার সকালে ‘প্রথম আলো’র এক প্রীতি সম্মিলনীতে উপস্থিত দেশ-বিদেশের বিশিষ্টজনেরা এ অভিমত দিয়েছেন। ‘প্রথম আলো’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নিমন্ত্রিত বিদেশি বন্ধুদের সম্মানে এ প্রীতি সম্মিলনীর আয়োজন করা হয়।

‘ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনামের সঞ্চালনায় প্রীতি সম্মেলনে ভারতের গণমাধ্যম পরিস্থিতি, মিসর ও নেপালের চলমান রাজনীতির পাশাপাশি বাংলাদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান আগত অতিথিদের পরিচয় করিয়ে দেন।  

আগত বিদেশি অতিথিদের মধ্যে প্রখ্যাত ভারতীয় সাংবাদিক কুলদীপ নায়ার, প্রখ্যাত মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুলজ, মিসরের ‘আল আহরাম’ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামাল আলী গাবাল্লা, ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র ধারিয়াল, ‘আনন্দবাজার’ পত্রিকার বার্তা সম্পাদক হীরক বন্দোপাধ্যায়, নেপালের ‘কাঠমান্ডু পোস্ট’-এর বার্তা সম্পাদক মুকুল হুমাগিন ও ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি বক্তৃতা করেন।

এ ছাড়াও বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও রাশেদা কে চৌধূরী, সাবেক নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন, সাবেক রাষ্ট্রদূত হুমায়ন কবীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবদুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু আলোচনায় অংশ নেন।