প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিষ্পত্তি হয়েছে। গতকাল সোমবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ প্রথম আলোর সম্পাদক ও যুগ্ম সম্পাদকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করে অভিযোগ নিষ্পত্তি করেন।

পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বিষয়ে সাংবাদিকদের বলেন, মামলাটি নিষ্পত্তি করে আদালত বলেছেন, দায়িত্বশীল সাংবাদিকতা করতে হবে।

‘প্রধান বিচারপতি বেছে নেওয়া’ শিরোনামে গত ১৫ ডিসেম্বর প্রথম আলোতে একটি নিবন্ধ ছাপা হয়। এটি যুক্ত করে ওই দিন আদালত অবমাননার অভিযোগে এক আইনজীবী আবেদন করেন। শুনানি নিয়ে ওই দিন আপিল বিভাগ কারণ দর্শাতে এবং প্রথম আলোর সম্পাদক ও নিবন্ধ লেখক মিজানুর রহমান খানকে ৫ জানুয়ারি আদালতে উপস্থিত হতে আদেশ দেন।

গতকাল সকালে প্রথম আলোর সম্পাদক ও যুগ্ম সম্পাদক আদালতে উপস্থিত হন। আদালত বলেন, আদালত সম্পর্কে যে যেখান থেকে লিখুন না কেন, সবকিছু জেনে ও বুঝে লিখতে হবে। দায়িত্বশীলতার সঙ্গে লিখতে হবে।

আদালতে প্রথম আলোর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী ড. কামাল হোসেন ও এম আমীর-উল ইসলাম। তাঁদের সহযোগিতা করেন জ্যেষ্ঠ আইনজীবী এম. আই. ফারুকী, মহসিন রশীদ, রমজান আলী শিকদার, ড. শাহদীন মালিক ও সুব্রত চৌধুরী। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী সালাউদ্দিন দোলন। এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও উপস্থিত ছিলেন।