প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়।
দিনভর শুনানির পর আগামী রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানকে গতকালের মতো রোববারও আদালতে হাজির থাকতে বলা হয়। রুলের জবাব দিতে বলা হয়েছে আগামী সোমবারের মধ্যে।
গত ২৮ ফেব্রুয়ারি মিজানুর রহমান খানের লেখা ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে?’ শীর্ষক একটি উপসম্পাদকীয় প্রথম আলোর খোলা কলম পাতায় প্রকাশিত হয়। এ জন্য আদালত অবমাননার অভিযোগ এনে ২ মার্চ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে রুল দেওয়া হয়। একই সঙ্গে মিজানুর রহমান খানকে সশরীরে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। ওই নির্দেশনা অনুসারে গতকাল সকাল সাড়ে ১০টায় মিজানুর রহমান খান আদালতে হাজির হন।
১০টা ৫০ মিনিটে শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল সোয়া চারটা পর্যন্ত শুনানি চলে। মধ্যাহ্ন বিরতির পর বেলা দুইটার দিকে আদালতের কাঠগড়ায় মিজানুর রহমান খানকে বসার জন্য একটি চেয়ার দেওয়া হয়। আদালতে তাঁর পক্ষে ছিলেন শাহদীন মালিক।
শুরুতেই শুনানিতে অংশ নিয়ে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, এই লেখাটি পড়লে যে কেউ মনে করতে পারে, একটি সুনির্দিষ্ট আদালত শুধু আগাম জামিনই দেন। লেখাটি শুধু এই আদালতের জন্য নয়, বরং গোটা সুপ্রিম কোর্টের জন্য অবমাননাকর। তিনি বলেন, ‘উনি (মিজানুর রহমান খান) কী বলতে চাইছেন, মিনিটে এতটা জামিন না পেয়ে কারাগারে যাক? মিনিটে দুই হাজার লোক জেলে ঢুকুক?’
রোকনউদ্দিন মাহমুদ আরও বলেন, সাংবাদিকতার ওপর কোনো নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নেই, এ জন্য গণমাধ্যমের স্বাধীনতার নামে তারা এ কাজ করছে। উনি (মিজান) শুধু মাফ চেয়ে চলে যাবেন, এটা হবে না। তাঁকে তাঁর লেখার ন্যায্যতা বিচার করে যেতে হবে।
লেখার একটি অংশ উল্লেখ করে রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘দুই বিচারপতির বেঞ্চে জামিন দেওয়ার বিষয়টি খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি হয়েছিল, ওই তদন্তের নথি উনি দেখেছিলেন। তদন্তের ওই নথি সম্পূর্ণ গোপনীয় বিষয়, সেটা উনি দেখলেন কীভাবে? এসব সাংবাদিকেরাই তো আদালতে দুর্নীতি ঢুকিয়েছেন। যে ফাইল দেখার কথা নয়, সে ফাইল কীভাবে তিনি দেখলেন?’
আমার দেশ পত্রিকায় প্রকাশিত ‘চেম্বার আদালত মানেই স্টে’ শীর্ষক প্রতিবেদনের উল্লেখ করে রোকনউদ্দিন বলেন, মাহমুদুর রহমানের যদি ছয় মাস জেল হয়ে থাকে, তাহলে এ ক্ষেত্রে ছয় বছর জেল হওয়া উচিত। তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা কোথায় গেছে, দুই সপ্তাহ ধরে কালের কণ্ঠ ও যুগান্তর দেখেন, তারা একে অন্যের বিরুদ্ধে প্রথম পাতায় লিখেই যাচ্ছে। এটা আমাদের সংবাদপত্রের লেভেল। আমাদের সাংবাদিকেরা টাকা দিলে একজনের পক্ষে লেখেন, টাকা না দিলে বিরুদ্ধে লেখেন।’
এই পর্যায়ে আইনজীবী শাহদীন মালিক সংবিধানের বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণসংক্রান্ত সংবিধানের ৩৫ অনুচ্ছেদ উল্লেখ করে বলেন, অপরাধের দায়ে এক ব্যক্তিকে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু কোনো ব্যক্তিকে যন্ত্রণা দেওয়া যাবে না কিংবা নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না কিংবা কারও সঙ্গে অনুরূপ ব্যবহার করা যাবে না।
আদালত জানতে চান, ‘আপনার কী মনে হচ্ছে, আমরা ওনার (মিজানুর) সঙ্গে কোনো লাঞ্ছনাকর আচরণ করছি?’
মধ্যাহ্ন বিরতির পর আইনজীবী আজমালুল হোসেন কিউসি বিভিন্ন রায়ের নজির উদ্ধৃত করেন। পরে আইনজীবী রফিক-উল হক সাংবাদিক ইউনিয়ন ও ল রিপোর্টার্স ফোরামের বিবৃতি আদালতের নজরে আনেন। আদালত বলেন, বিচারাধীন বিষয়ে এভাবে প্রতিবেদন ছাপানো যায় না।
রফিক-উল হক বলেন, কেউ চাইলে আদালতের সমালোচনা করতে পারেন। কিন্তু এভাবে নিজের মতো করে রায় দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয়নি।
এরপর শুনানি শুরু করে আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘তিনি (মিজানুর) গণজামিনকে দুরারোগ্য ব্যাধি বলেছেন। কিন্তু গণগ্রেপ্তারকে তা বললেন না। আমি বুঝতে পারছি না, তিনি কাদের স্বার্থ হাসিল করছেন।’
শুনানির একপর্যায়ে আদালত বলেন, এক জায়গায় লেখা হয়েছে, ২৮ জানুয়ারি এই আদালতের কার্যতালিকায় ৭১৮টি আগাম জামিন ছাপা দেখে তিনি আশ্চর্য হয়েছেন। কিন্তু ওই দিন আরেকটি বেঞ্চের কার্যতালিকায় ছিল ৯১৭টি। এরপর আদালত আরও কয়েকটি আদালতের কার্যতালিকায় মামলার সংখ্যা উদ্ধৃত করে বলেন, ‘অন্য কোনো বেঞ্চের সঙ্গে বিপুল ব্যবধান তো পাওয়া যায়নি। ফেব্রুয়ারির একদিন একটি আদালতে এক হাজারেরও বেশি মামলা কার্যতালিকায় ছিল। সেগুলোর বিষয়ে তো উনি আশ্চর্য হলেন না। ওনার নজরদারি ছিল শুধু এই আদালতের ওপর।’