প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানি অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি অব্যাহত রয়েছে। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে গতকাল সোমবার তৃতীয় দিনের মতো এ শুনানি হয়। আজ মঙ্গলবার শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
গতকাল প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের পক্ষে রুলের লিখিত জবাব আদালতে দাখিল করেন আইনজীবী শাহদীন মালিক। তবে দাখিলকৃত জবাবে কিছু ত্রুটি থাকায় আদালত আজ আবার সেটি দাখিল করার নির্দেশ দেন। একই সঙ্গে মতিউর রহমানকে আদালতে হাজির হয়ে বলতে হবে, এটা তাঁরই সই করা হলফনামা কি না এবং তিনি জেনে-বুঝে সেটিতে সই করেছেন কি না। আজ সকাল সাড়ে ১০টা থেকে আবার শুনানি হবে।
গত ২৮ ফেব্রুয়ারি মিজানুর রহমান খানের লেখা ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে?’ শীর্ষক একটি উপসম্পাদকীয় প্রথম আলোর খোলা কলম পাতায় প্রকাশিত হয়। এরপর আদালত অবমাননার অভিযোগে ২ মার্চ প্রথম আলোর সম্পাদক ও যুগ্ম সম্পাদকের বিরুদ্ধে রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে মিজানুর রহমান খানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। গতকালও আদালতের নির্দেশনা অনুসারে হাজির হয়ে তিনি বেলা সোয়া দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।
জবাব দাখিলের পর প্রথম আলোর পক্ষে শাহ্দীন মালিক শুনানি করেন। রোকনউদ্দিন মাহমুদ, আহসানুল করীমসহ অন্য আইনজীবীরা অভিযোগের পক্ষে শুনানি করেন।