স্বার্থান্বেষী মহলটি আবারও প্রথম আলোর বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচারে নেমেছে।ভুঁইফোড় সংগঠন ‘জাতীয় সংবাদপত্র পাঠক ফোরাম’ গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আবার মানববন্ধন করে। শ খানেক লোক এতে অংশ নেয়। কারও কারও হাতে ছিল ‘যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে প্রথম আলোর ষড়যন্ত্র বন্ধ কর’, ‘প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার ও বিচার চাই’ ইত্যাদি লেখা ব্যানার ও ফেস্টুন।মানববন্ধনে আনা হয় নিরক্ষর, ছিন্নমূল নারী, ফুটপাতের হকার, এমনকি মাদকাসক্ত ব্যক্তিদেরও। বেলা ১১টার দিকে মানববন্ধন শুরু হয়। গতকালও সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান এতে নেতৃত্ব দেন। তিনি মাথা নিচু করে নিম্নস্বরে কয়েক মিনিট বক্তব্য দেন।সাংবাদিক পরিচয় না দিয়ে জানতে চাইলে মানববন্ধনে অংশ নেওয়া এক ব্যক্তি এই প্রতিবেদককে বলেন, তিনি ফুটপাতের হকার, বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট। আরও কয়েকজন বায়তুল মোকাররম এলাকার হকার বলে পরিচয় দেন। তাঁদের সঙ্গে কয়েকজন মাদকাসক্ত ব্যক্তিও ছিলেন। ব্যানার হাতে দাঁড়ানো অবস্থায়ই একজন আরেকজনের সঙ্গে তর্কে লিপ্ত হন। মানববন্ধন শেষে তাঁদের মধ্যে টাকা ভাগাভাগি করতে দেখা যায়। ছবি তুলতে চাইলে তাঁরা টাকা লুকানোর চেষ্টা করে দ্রুত চলে যান। ওয়ালিউর রহমানসহ মানববন্ধনের কেন্দ্রবিন্দুতে থাকা ব্যক্তিদের সামনের বড় ডিজিটাল ব্যানারে লেখা ছিল, ‘২১ আগস্টের গ্রেনেড হামলার মূল হোতা জঙ্গী তাজউদ্দিনের পৃষ্ঠপোষক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তার ও বিচার চাই।’ এ ছাড়া ছোট ছোট অনেক ফেস্টুন ছিল। একটিতে লেখা ছিল, ‘জঙ্গি সংগঠন উলফার দোসর প্রথম আলো সম্পাদকের গ্রেপ্তার ও বিচার চাই’। অবশ্য একই বক্তব্য লেখা ব্যানার দিয়ে এর আগে গত বছরের মাঝামাঝি ঢাকা ও আরও কয়েকটি জেলায় একই মহল প্রথম আলোবিরোধী মানববন্ধন করে। প্রথমে ‘পরিবর্তন ফাউন্ডেশন’ ও ‘ডিজিটাল বাংলাদেশ ফোরামের’ ব্যানারে এবং পরে ‘জাতীয় সংবাদপত্র পাঠক ফোরাম’ নামে এমন কর্মসূচির আয়োজন করা হয়। সবগুলোতে ওয়ালিউর রহমানসহ নির্দিষ্ট কয়েকজনের উপস্থিতি ছিল। গতকালও ওই তিন-চারজন ছাড়া অন্যরা নতুন মুখ; ছিন্নমূল নারী এবং কিছু দরিদ্র শিশু-কিশোরও ছিল।তবে গতকাল অতীতের ব্যানারগুলোর পাশাপাশি নতুন বক্তব্যসংবলিত কয়েকটি ব্যানার ছিল। একটি বানারে ‘যোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে প্রথম আলোর ষড়যন্ত্র বন্ধ কর’ লেখা ছিল। আরেকটিতে লেখা ছিল ‘আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মতিউর রহমানের ষড়যন্ত্রকে রুখে দিন’।মানববন্ধনের একপাশে দাঁড়ান প্রায় ১৫ জন দরিদ্র নারী। জিজ্ঞেস করলে একজন জানান, তাঁরা কারওয়ান বাজার এলাকায় থাকেন। এখানে কেন এসেছেন, আপনাদের দাবি কি—প্রশ্নের জবাবে কয়েকজন নারী বলেন, ‘আমগো কোনো দাবি নাই। আমগো নিয়া আইছে।...টাকা-পয়সা দিবে।’ ২০ মিনিট স্থায়ী মানববন্ধন শেষে ওই নারীরা একটি বাসে উঠে চলে যান।মানববন্ধন শেষে মাথায় চুল কম এক ব্যক্তি জাতীয় প্রেসক্লাবের দিকে ইঙ্গিত করে কয়েকজনকে বলেন, ‘ভেতরে যা, প্যাকেট আছে।’ এরপর ওই ব্যক্তিটি একটি চেয়ারে বসে কাগজে মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিদের নাম লিখছিলেন। কাগজটি চেয়ারের ওপর রেখে তিনি দূরে গিয়ে কাউকে খুঁজছিলেন।প্রসঙ্গত, বছর দুয়েক ধরে স্বার্থান্বেষী মহলটি প্রথম আলো ও এর সম্পাদককে জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক প্রচারণা চালাচ্ছে। এতে ব্যবহার করা হচ্ছে একটি বিতর্কিত ব্যবসায়িক গোষ্ঠীর প্রকাশিত দুটি বাংলা ও একটি ইংরেজি দৈনিক এবং অনলাইন পত্রিকা। তারা একই বানোয়াট তথ্য কিছুদিন পরপর ঘুরেফিরে প্রকাশ করছে। এর সঙ্গে প্রভাবশালী একটি বিশেষ সংস্থাও যুক্ত হয়েছে বলে জানা গেছে।