প্রথম আলোর বিরুদ্ধে করা মামলা খারিজ
প্রথম আলোর বার্তা সম্পাদক ও বগুড়ার ধুনট প্রতিনিধির বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার দায়ের করা মানহানির মামলা খারিজ করে দিয়েছেন বগুড়ার একটি আদালত।
নির্ধারিত তারিখে বাদী পরপর কয়েক দফা হাজির না হওয়ায় গতকাল বুধবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ আল মামুন মামলাটি খারিজের আদেশ দেন।
সরকারি রাস্তার পাশে লাগানো গাছ কাটার সংবাদ প্রকাশের জের ধরে ২০১২ সালের ১৫ নভেম্বর ধুনট উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক প্রথম আলোর বার্তা সম্পাদক এবং ধুনট প্রতিনিধি মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ ও ১০৯ ধারায় মানহানির মামলা দায়ের করেছিলেন।
বিবাদী পক্ষের আইনজীবী আবদুল লতিফ পশারী বলেন, টি আই এম নুরুন্নবী তারিকের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগে ২০১২ সালের ১৩ নভেম্বর প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হয়। এতে সংক্ষুব্ধ হয়ে নুরুন্নবী তারিক ওই বছরের ১৫ নভেম্বর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে পত্রিকাটির বার্তা সম্পাদক ও ধুনট প্রতিনিধিকে বিবাদী করে একটি মানহানি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আদালত বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করেন। পরে বিবাদীরা জামিন নেন। এরপর আদালত প্রথম আলোর বার্তা সম্পাদককে সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দেন। ধুনট প্রতিনিধি মাসুদ রানা আড়াই বছর ধরে আদালতে হাজিরা দিয়ে আসছিলেন।
বাদী নুরুন্নবী তারিক প্রথম দিকে কয়েক দফা আদালতের ধার্য তারিখে উপস্থিত থাকলেও দীর্ঘদিন ধরে তিনি অনুপস্থিত রয়েছেন। এমনকি তিনি মামলা চালাবেন কি না, সেটাও আদালতকে জানাননি। টানা কয়েক দফা অনুপস্থিত থাকায় আদালত গতকাল মামলাটি খারিজ করে দেন।