প্রথম আলোর বিরুদ্ধে খুলনায় করা মামলার কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদের বিরুদ্ধে খুলনায় করা একটি মানহানির মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।গতকাল রোববার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে খুলনার আদালতে বিচারাধীন মামলাটি অন্য আদালতে বদলির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।গত ৬ অক্টোবর প্রথম আলোতে ‘খুনের পরিকল্পনায় খুলনা আ.লীগের চার নেতা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে মান-সম্মান ক্ষুণ্ন করার অভিযোগে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদী হয়ে ৩ নভেম্বর খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। মামলাটি অন্য আদালতে বদলির নির্দেশনা চেয়ে বিবাদীদের পক্ষ থেকে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল আদালত আদেশ দেন।আদালতে প্রথম আলোর পক্ষে শুনানি করেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী রমজান আলী শিকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।