প্রথম আলোর বিরুদ্ধে ফরিদপুরে তিনটি মামলা
২১, ২২ ও ২৩ অক্টোবর প্রথম আলোতে ফরিদপুর নিয়ে সরেজমিন প্রতিবেদন প্রকাশের পর গতকাল মঙ্গলবার মানহানির অভিযোগে জেলা আদালতে তিনটি মামলা করা হয়েছে। দুটি মামলায় আদালত সমন জারি করেন।মামলা তিনটির বাদী হলেন প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেশাম হোসেন (বাবর), পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুদ্দীন মিরাজ ও ঘাটশ্রমিক আবদুর রাজ্জাক।গতকাল সকালে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম ফারহানা ভূইয়ার আদালতে মামলা তিনটি করা হয়। দুটি মামলায় মোহতেশাম ও মিরাজ অভিযোগ করেন, গত সোমবার প্রথম আলোয় তাঁদের নামে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ সংবাদ প্রকাশ করা হয়েছে। এ কারণে মোহতেশাম হোসেনের পাঁচ কোটি টাকা ও মিরাজের এক কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। দুটি মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও জ্যেষ্ঠ প্রতিবেদক তানভীর সোহেলকে আসামি করা হয়েছে। আদালত এ দুটি মামলা আমলে নিয়ে আসামিদের প্রতি সমন জারি করেন এবং মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন ১৩ নভেম্বর।এ ছাড়া একই আদালতে শহরের সিঅ্যান্ডবি ঘাট এলাকার শ্রমিক পরিচয় দিয়ে আবদুর রাজ্জাক বিশ্বাস ৫০ কোটি টাকার মানহানির মামলা করেন। তাঁর অভিযোগ, এ সংবাদের কারণে তাঁর নেতাদের মানহানি হয়েছে। আদালত এ মামলায় সমন না দিয়ে আগামী বছরের ৮ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।এদিকে প্রথম আলোয় প্রকাশিত খবরে ক্ষোভ প্রকাশ করে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় সভায়। গতকাল এ সভা হয় জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সভায় প্রথম আলোর প্রতিবেদনগুলো আলোচনা শেষে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় উন্নয়ন কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হোসেন মৃধা নিন্দা প্রস্তাব উত্থাপন করেন। এতে সমর্থন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা এস এম নুরুন্নবী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ।