প্রথম আলোর বিরুদ্ধে বসুন্ধরার মামলা
প্রথম আলোর সম্পাদক, প্রকাশক মতিউর রহমান এবং মিডিয়াস্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লতিফুর রহমানসহ চারজনের বিরুদ্ধে এক হাজার কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মোকদ্দমা করেছে বসুন্ধরা গ্রুপ।গতকাল বৃহস্পতিবার ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এ মোকদ্দমা দায়ের করেন। অন্য বিবাদীরা হলেন, প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান, কার্টুনিস্ট শিশির ভট্টাচার্য্য ও ট্রান্সক্রাফট লিমিটেড।আরজিতে বলা হয়, গত বছরের ১২ অক্টোবর প্রথম আলো ‘বসুন্ধরাকে রক্ষায় রাষ্ট্রযন্ত্র মরিয়া’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়, ‘এনবিআর তথ্য গোপন করে বসুন্ধরার মামলা প্রত্যাহারে আইন মন্ত্রণালয়ের কাছ থেকে রহস্যজনক মতামত সংগ্রহ করেছে। আইনমন্ত্রী বলেছেন, রায় ঘোষণার পর আপিল ছাড়া আপস করা বা মামলা প্রত্যাহারের সুযোগ নেই। আরজিতে আরও বলা হয়, গত ১৩ অক্টোবর ‘হলুদ সাংবাদিকতার অভিযোগ, মন্তব্য নেই প্রধান বিচারপতির’ এবং ৩ এপ্রিল ‘আপিল বিভাগের রায়: দাবদাহে প্রশান্তি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। ওই সংবাদ প্রকাশের কারণে বাদী ও বাদীর প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট হয়েছে এবং ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।প্রসঙ্গত, প্রথম আলোর স্বত্বাধিকারী মিডিয়াস্টার লিমিটেড এবং ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক লতিফুর রহমান এবং প্রথম আলোর সম্পাদক, প্রকাশক মতিউর রহমান গত বছরের ২২ নভেম্বর ২০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত বসুন্ধরা গ্রুপের ১১টি কোম্পানির বিরুদ্ধে মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে বিবাদীপক্ষকে জবাব দাখিলের নির্দেশ দেন। এই মামলায় গত ২৭ জানুয়ারি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও অন্য বিবাদীর পক্ষে আইনজীবী মিজান সাঈদ ওকালতনামা দাখিল করে জবাব দেওয়ার জন্য সময়ের আবেদন করেন। আদালত আগামী ১১ মার্চ জবাব দাখিলের আদেশ দিয়েছেন। প্রথম আলো বসুন্ধরার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করার তিন মাসেরও অধিক সময় পর গতকাল এ মামলা করা হলো। মানহানিকর ও কুত্সাপূর্ণ বিজ্ঞাপন প্রকাশ এবং অন্যান্য অপতত্পরতার অভিযোগে ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে প্রথম আলোর পক্ষে ওই মামলা করা হয়।বিবাদীরা হলেন বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ উপব্যবস্থাপনা পরিচালক মো. বেলায়েত হোসেন, চেয়ারম্যানের কারিগরিবিষয়ক উপদেষ্টা লতিফুল আবেদিন হোসেন, বসুন্ধরা স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর (অব.) জাহিদুর রহমান এবং জয়েন্ট স্টক কোম্পানিতে নিবন্ধিত বসুন্ধরা গ্রুপের ১১টি কোম্পানি।আরজিতে বলা হয়, বাদীদের কষ্টার্জিত সুনাম ও সুখ্যাতি নষ্ট করতে গত ১৩ অক্টোবর থেকে বিবাদীরা সুপরিকল্পিতভাবে নানা ধরনের অপতত্পরতা চালিয়েছে। গত বছরের ১৩ মার্চ বসুন্ধরা সিটিতে অগ্নিকাণ্ডের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচার করা হয়। এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একটি তদন্ত কমিটি গঠন করে। অথচ বিবাদী বসুন্ধরা গ্রুপের পক্ষে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কাল্পনিক অভিযোগ এনে থানায় জিডি দায়ের এবং জাতীয় দৈনিকে বিজ্ঞাপন ছাপিয়ে দেশে-বিদেশে বাদীদের (মতিউর রহমান ও লতিফুর রহমান) ভাবমূর্তি ও মর্যাদায় কলঙ্ক লেপনের চেষ্টা করা হয়েছে।