প্রথম আলোর বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানির অভিযোগে প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানসহ পত্রিকার তিন সাংবাদিকের বিরুদ্ধে ২০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলা করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের মালিক এম এ রশিদ মামলাটি করেন।
মামলাটি গ্রহণ করা হবে কি না, বিচারক মুহা. আবু তাহের এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন ১০ মার্চ। মামলায় প্রথম আলোর বার্তা সম্পাদক বা প্রধান বার্তা সম্পাদক ও কুমিল্লার প্রতিবেদককেও বিবাদী করা হয়েছে।
মামলার আরজিতে বলা হয়, গত বছরের ২১ ডিসেম্বর ‘মন্ত্রীর পরিচিতকে রেলের জমি দেওয়ার উদ্যোগ’ এবং ২২ ডিসেম্বর সম্পাদকীয় কলামে ‘রেলপথমন্ত্রীর জমি “সম্প্রদান” সরকারি জমি নয়ছয় কার স্বার্থে?।’ সর্বশেষ চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ‘ঠিকাদারের দাওয়াতে হাজির তিন মন্ত্রী, চার বিদ্যালয় বন্ধ রেখে মেজবান’ শিরোনামে খবর প্রকাশ করা হয়। এতে বলা হয়, সরকারের একাধিক দপ্তরের এক ঠিকাদারের কুমিল্লার বাড়িতে গিয়ে মন্ত্রী, প্রধানমন্ত্রীর একজন একান্ত সচিব, দুদকের একজন মহাপরিচালক ও চট্টগ্রামের সিটি করপোরেশনের সাবেক মেয়র গতকাল মেজবান খেয়েছেন। মেজবানের আয়োজক ঠিকাদারি ব্যবসায়ী আবদুর রশিদ। তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ব্যবসা করেন। মেজবান উপলক্ষে চারটি প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। বিদ্যালয়গুলোর মাঠে দিনভর খাওয়া-দাওয়ার আয়োজন ছিল।
গত ২৪ ফেব্রুয়ারি ‘দাওয়াত, সংবর্ধনা আর কত? মন্ত্রিসভার বৈঠকে বন্ধের সিদ্ধান্ত হোক’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করা হয়। তাতে বলা হয়, ‘ঠিকাদারের কাজ হলো কিছুমিছু দিয়ে মন্ত্রীদের তুষ্ট করে কাজ বাগিয়ে নেওয়া। ... অতিথি আপ্যায়নের নামে ঠিকাদারের বিনিয়োগের পেছনে উদ্দেশ্য পরিষ্কার...।’
আরজিতে বলা হয়, প্রতিবেদন দুটি উদ্দেশ্যপ্রণোদিত। বাদী ও তাঁর প্রতিষ্ঠানের সুনামহানির জন্য এটা করা হয়েছে।
আরজিতে আরও বলা হয়, ওই দিন বাদী মা-বাবার আত্মার মাগফিরাতের জন্য প্রতিবছরের মতো দোয়া মাহফিল ও মেজবানের আয়োজন করেছিলেন। ‘সেখানে হাজার হাজার লোকের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের কেহ কেহ দাওয়াত পেয়ে আসাটা স্বাভাবিক।’
আইনজীবী মনিরুজ্জামান হাওলাদার বলেন, বাদী এম এ রশিদ ঢাকা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজেরও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রতিবেদন প্রকাশের কারণে তাঁর শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ জন্য তিনি ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন।