প্রথম আলোর বিরুদ্ধে মামলা
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গতকাল বৃহস্পতিবার ঝালকাঠিতে প্রথম আলোর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
ঝালকাঠি আইনজীবী সমিতির সদস্য ও সরকারি কৌঁসুলি (ভিপি) বনি আমিন বাকলাই ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহীদুল ইসলামের আদালতে মামলাটি করেন। এতে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং ফটোসাংবাদিক মজিদ খানকে বিবাদী করা হয়েছে। তবে প্রথম আলোতে মজিদ খান নামে কোনো ফটোসাংবাদিক অতীতে ছিল না, এখনো নেই।
বিচারক অভিযোগ আমলে নিয়ে মতিউর রহমান ও মজিদ খানকে আগামী ১৬ নভেম্বর আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন।
মামলার আরজিতে বলা হয়, ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম আলোর রম্য ম্যাগাজিন ‘আলপিন’-এ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রকাশ ও ২০১৩ সালের ১১ মার্চ রস+আলো ম্যাগাজিনে পবিত্র কোরআনের সূরা লোকমানের ২৭ আয়াতের বিকৃতি ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করা হয়।
এ ছাড়া গত জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রথম আলোর অনলাইনে নারী ভোটারদের সিঁদুর পরিয়ে সাজানো ছবি প্রকাশের অভিযোগও আনা হয়েছে।