প্রথম আলোর বিরুদ্ধে মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় প্রথম আলোর বার্তা সম্পাদক ও বগুড়ার ধুনট প্রতিনিধি মাসুদ রানার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। 

পরপর কয়েক দফা শুনানিতে বাদী হাজির না হওয়ায় আজ বুধবার বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল্লাহ আল মামুন মামলাটি খারিজ করে দেন।
সরকারি রাস্তার পাশে লাগানো গাছ কাটার সংবাদ প্রকাশের জের ধরে ২০১২ সালের ১৫ নভেম্বর ধুনট উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী তারিক প্রথম আলোর বার্তা সম্পাদক ও ধুনট প্রতিনিধি মাসুদ রানার বিরুদ্ধে ৫০০ ও ১০৯ ধারায় মানহানির মামলা করেন।
বিবাদী পক্ষের আইনজীবী আবদুল লতিফ পশারী ববি প্রথম আলোকে বলেন, নুরুন্নবী তারিকের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ করে ২০১২ সালের ১৩ নভেম্বর প্রথম আলোয় একটি সংবাদ ছাপা হয়। এতে সংক্ষুব্ধ হয়ে নুরুন্নবী তারিক ১৫ নভেম্বর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে পত্রিকাটির বার্তা সম্পাদক ও ধুনট প্রতিনিধি মাসুদ রানাকে বিবাদী করে এ মামলাটি করেন।
মামলা করার পর আদালত বিবাদীদের বিরুদ্ধে সমন জারি করলে বিবাদীরা জামিন নেন। এরপর প্রথম আলোর বার্তা সম্পাদককে সশরীরে হাজিরা থেকে অব্যাহতি দিলেও ধুনট প্রতিনিধি মাসুদ রানা গত আড়াই বছর ধরে নির্ধারিত শুনানির তারিখে আদালতে হাজিরা দিয়ে আসছিলেন। কিন্তু বাদী কয়েক দফা উপস্থিত থাকলেও দীর্ঘ দিন ধরে আদালতের ধার্য তারিখে অনুপস্থিত থাকেন। এমনকি বাদী মামলা চালাবেন কি না, সেটিও আদালতকে অবগত করেননি। এ কারণ দেখিয়ে আদালত আজ মামলাটি খারিজ করে দেন।