প্রথম আলোর বিরুদ্ধে রুল জারির ঘটনায় উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি উপসম্পাদকীয় লেখাকে কেন্দ্র করে প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের দুটি সংগঠন বিএফইউজে ও ডিইউজে। তারা মনে করে, কোনো সংবাদ পরিবেশনকে কেন্দ্র করে এ ধরনের রুল জারি সংবাদপত্রের স্বাধীনতাকে দুর্বল করবে।
গতকাল বুধবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আলতাফ মাহমুদ ও সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ উদ্বেগ জানিয়ে এ অভিমত প্রকাশ করেন।
বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থায় বিচার বিভাগ সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাতে সাংবাদিক সমাজ সহায়ক শক্তি হিসেবে কাজ করে। কাজেই সাংবাদিকেরা বিচার বিভাগের প্রতি সব সময় তার সহনশীল ও উদার আচরণ প্রত্যাশা করে, যা গণমাধ্যমকে শক্তিশালী হতে ভূমিকা রাখে।
বিবৃতিতে বিএফইউজে ও ডিইউজের সভাপতি-সম্পাদকেরা বলেন, ‘আমরা আদালতকে গণমাধ্যমের প্রতি আরও উদার ও সহনশীল হওয়ার আহ্বান জানাচ্ছি, যা বাংলাদেশের মতো একটি দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা পালন করবে।’