প্রথম আলোর বিরুদ্ধে শামীম ওসমানের বিষোদ্গার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতা শামীম ওসমান। গতকাল শনিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সমেঞ্চলন করে তিনি এ প্রতিবাদ জানান। শামীম ওসমান অভিযোগ করেন, নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলার মামলাটি প্রথম আলো ভিন্নখাতে প্রবাহিত করতে চাইছে। সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলার মামলা নিয়ে ১৫ জুন প্রথম আলোর শেষের পাতায় সংবাদ প্রকাশিত হয়; যা ভিত্তিহীন। প্রতিবেদনে লেখা হয়েছে, ‘আমি নাকি সিআইডির (পুলিশের অপরাধ তদন্ত বিভাগ) কাছে জবানবন্দি দিয়েছি। সিআইডিকে দেওয়া আমার জবানবন্দি উল্লেখ করে প্রথম আলো যা ছেপেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর। সিআইডি আমাকে ব্রিফকেসধারী দুই যুবকের কোনো ছবি দেখায়নি। আমিও সিআইডিকে বলিনি ব্রিফকেসে রাখা বোমা বিস্ফোরিত হয়েছে। ছবি দেখে বোমা হামলাকারী কাউকে আমি সিআইডির কাছে শনাক্ত করিনি। তাই প্রথম আলো কর্তৃপক্ষের উচিত প্রকাশিত সংবাদের ব্যাপারে নিঃশর্ত ক্ষমা চাওয়া। সিআইডির উচিত বোমা হামলার মামলা সম্পর্কে প্রথম আলোর সংশ্লিষ্ট সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করা। প্রথম আলো নিঃশর্ত ক্ষমা না চাইলে আমি জনতার কাছে যাব, জনতা যা সিদ্ধান্ত দেয় তা-ই হবে।’ সংবাদ সমেঞ্চলনে কোনো লিখিত বক্তব্য ও ব্যানার ছিল না। শামীম ওসমান ছিলেন একমাত্র বক্তা। এ সময় তাঁর পাশে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোকন সাহা এবং শামীম ওসমানের সাবেক ব্যক্তিগত সচিব চন্দন শীল। প্রথম আলোতে প্রকাশিত সংবাদের ব্যাপারে পত্রিকায় প্রতিবাদ না পাঠিয়ে, প্রেস কাউন্সিলে মামলা না করে প্রথমেই সংবাদ সমেঞ্চলন করেছেন কেন—এ প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, ‘প্রথম আলো ইতিপূর্বে আমার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিবেদন ছেপেছে। আমি ২৯টি প্রতিবাদ পাঠিয়েছি, তা তারা ছাপায়নি। এবার প্রথম আলো নিঃশর্ত ক্ষমা না চাইলে আমি জনতার কাছে বিচার চাইব।’গত শুক্রবার রাত আটটার দিকে শামীম ওসমান টেলিফোনে প্রেসক্লাব কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে শনিবার বেলা দুইটায় ওই বোমা হামলা সম্পর্কে সংবাদ সমেঞ্চলন করার আগ্রহ প্রকাশ করেন। প্রেসক্লাব কর্তৃপক্ষ অনুমতি দেয়। গতকাল সংবাদ সমেঞ্চলনের শুরুতেই শামীম ওসমান ১৫ জুনের প্রথম আলো হাতে নিয়ে পত্রিকাটি ও এর কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষোদ্গার করেন। প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোতে ১৫ জুন চাষাঢ়ায় আওয়ামী লীগের কার্যালয়ে বোমা হামলার মামলা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের সব তথ্য ও বক্তব্য সঠিক। এ ব্যাপারে যাবতীয় তথ্য-প্রমাণ প্রথম আলোর কাছে রয়েছে।