প্রথম আলোর বৃত্তি পেল কলসিন্দুরের মেয়ে ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অদম্য কিশোরী ফুটবলারদের কল্যাণে বিদ্যুতের আলো গেল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরসহ নয়টি গ্রামের ৮০৩টি পরিবারে। বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি​দের সঙ্গে কিশোরী ফুটবলারের কয়েকজন। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ
অদম্য কিশোরী ফুটবলারদের কল্যাণে বিদ্যুতের আলো গেল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরসহ নয়টি গ্রামের ৮০৩টি পরিবারে। বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে অতিথি​দের সঙ্গে কিশোরী ফুটবলারের কয়েকজন। ছবি: জগলুল পাশা, ময়মনসিংহ

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম কলসিন্দুরের অদম্য ১৯ মেয়ে ফুটবলারের জন্য প্রথম আলোর পক্ষ থেকে বৃত্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার ১৯ জনকে প্রতি মাসে এক হাজার টাকা হিসেবে প্রথম দুই মাসের বৃত্তির টাকা নগদ দেওয়া হয়। এই বৃত্তি প্রতি মাসে দেওয়া হবে।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ শনিবার ধোবাউড়ার কলসিন্দুর মাঠে আনুষ্ঠানিকভাবে কলসিন্দুরসহ নয়টি গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানেই প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক মেয়ে ফুটবলারদের হাতে ২০১৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বৃত্তির টাকা তুলে দেন। এ সময় ১৯ ফুটবলারের মধ্যে ১৪ জন উপস্থিত ছিল। এসএ গেমসের জন্য বাংলাদেশ নারী দলের অনুশীলন ক্যাম্পে থাকায় মারিয়া, মার্জিয়া, সানজিদা, শিউলি ও শামছুন্নাহার উপস্থিত থাকতে পারেনি। তাদের পক্ষ থেকে অভিভাবকেরা বৃত্তির টাকা গ্রহণ করেন।

অনুষ্ঠানে আনিসুল হক বলেন, পরবর্তীতে প্রতি মাসে এক হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। যত দিন মেয়েরা পড়াশোনা করবে তত দিন এই বৃত্তি অব্যাহত থাকবে। উচ্চতর শ্রেণিতে উঠার সঙ্গে সঙ্গে বৃত্তির টাকার পরিমাণ বাড়বে।

এ সময় মেয়েদের উদ্দেশে প্রথম আলোর এ সহযোগী সম্পাদক বলেন, ‘তোমরা কেউ আঠারো বছর হওয়ার আগে বিয়ে করবে না। ফুটবল খেলার পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী হতে হবে’।

মেয়েদের বৃত্তি দেওয়ার পাশাপাশি কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জালাল উদ্দিন, কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনতি রানী শীল ও সহকারী শিক্ষক মফিজ উদ্দিনকে প্রথম আলোর পক্ষ থেকে এককালীন সম্মানী বাবদ চার হাজার টাকা করে দেওয়া হয়।

এর আগে গত ৬ নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রথম আলোর ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান মঞ্চে কলসিন্দুরের এ মেয়েদের সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে কলসিন্দুরের ওই ফুটবলার মেয়েদের নিয়ে নির্মিত ‘অদম্য মেয়েরা’ নামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। এতে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ উদ্দিনের অনুপ্রেরণায় ১৯ কিশোরীর ফুটবলার হয়ে উঠার গল্প দেখানো হয়।

২০ ডিসেম্বর নেপালে অনুষ্ঠিত নারীদের এএফসি অনূর্ধ্ব-১৪ আঞ্চলিক প্রতিযোগিতায় স্বাগতিকদের হারিয়ে শিরোপা জেতা বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ নারী দলের ১৮ ফুটবলারের মধ্যে ১০ জনই কলসিন্দুরের।

আরও পড়ুন: