প্রথম আলোর ব্যাপারে বৃহস্পতিবার আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আগামী বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে আদেশের এ দিন ধার্য করেন।


আজ সকালে প্রথম আলোর পক্ষে আবার শুনানি করেন আইনজীবী ড. শাহদীন মালিক। আদালতের নির্দেশনা অনুসারে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের পক্ষে আবার জবাবের হলফনামা দাখিল করা হয়। এ সময় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আদালতে উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশনা অনুসারে, মিজানুর রহমান খান কাঠগড়ায় ছিলেন।

আদালত মতিউর রহমানের কাছে জানতে চান, হলফনামা তিনি নিজে পড়ে স্বাক্ষর করেছেন কি না? জবাবে মতিউর রহমান হ্যাঁ-সূচক জবাব দেন। এ সময় তিনি বলেন, ‘আমরা সব সময় বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে। বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ আমরা করি না।’

গত ২৮ ফেব্রুয়ারি মিজানুর রহমান খানের লেখা ‘মিনিটে একটি আগাম জামিন কীভাবে?’ শীর্ষক একটি উপসম্পাদকীয় প্রথম আলোর খোলা কলম পাতায় প্রকাশিত হয়। এরপর আদালত অবমাননার অভিযোগে ২ মার্চ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে রুল দেন হাইকোর্ট। একই সঙ্গে ৬ মার্চ মিজানুর রহমান খানকে আদালতে হাজির হতে বলা হয়।
আদালত অবমাননার এ বিষয়টি নিয়ে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধান বিচারপতির আশু হস্তক্ষেপ কামনা করে গতকাল সোমবার দেশের ১৬টি দৈনিক পত্রিকার সম্পাদকেরা যৌথ বিবৃতি দেন।

বিবৃতিতে সই করেন দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, দ্য নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম, নয়া দিগন্ত-এর সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কালের কণ্ঠ-এর সম্পাদক ইমদাদুল হক মিলন, নিউ এজ-এর সম্পাদক নুরুল কবীর, দ্য ইনডিপেনডেন্ট-এর সম্পাদক এম শামসুর রহমান, ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান, দৈনিক আলোকিত বাংলাদেশ-এর প্রধান সম্পাদক শাহজাহান সরদার, সংবাদ-এর ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম, আমাদের সময়-এর সম্পাদক আবু হাসান শাহরিয়ার, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক ও দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিমউদ্দিন চৌধুরী।

এদিকে মামলাটির শুনানি চলাকালে সাংবাদিক ও গণমাধ্যম সম্পর্কে কোনো কোনো আইনজীবীর ঢালাও মন্তব্য এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আদালতে তলবের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের দুটি সংগঠন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দুই অংশের নেতারা গতকাল এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেন। বিবৃতি দিয়েছেন বিএফইউজের দুই অংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও রুহুল আমিন গাজী, ডিইউজের উভয় অংশের সভাপতি আলতাফ মাহমুদ ও আবদুল হাই শিকদার। বিএফইউজের মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া ও শওকত মাহমুদ, ডিইউজের সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ও জাহাঙ্গীর আলম প্রধান।