
আনুষ্ঠানিকতা তেমন বিশেষ কিছু নয়। আয়োজনটি ছিল পরস্পরের সঙ্গে দেখা-সাক্ষাৎ, আলাপে-আড্ডায় একসঙ্গে সন্ধ্যায় খানিকটা সময় কাটানো। সমাজের বিভিন্ন ক্ষেত্রের সুধীজনদের নিয়ে এই উষ্ণ সম্মিলনীর আয়োজন করা হয়েছিল গতকাল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিসে।
উপলক্ষ প্রথম আলোর ১৫ বছর পূর্তি। সুধী, শুভানুধ্যায়ীদের উপস্থিতিই বর্ণাঢ্য করে তুলেছিল আয়োজনটি।
শুক্রবার ছুটির দিন হলেও ইদানীং ছুটির দিনেও ঢাকার রাজপথে দুর্বিষহ যানজটের ইতরবিশেষ ঘটে না। সেই জটলার প্রতিবন্ধকতা পেরিয়ে অতিথিরা অনুষ্ঠানে আসতে শুরু করেছিলেন সন্ধ্যা ছয়টা থেকেই। তাঁদের আগমন অব্যাহত থাকে ঘণ্টা তিনেক ধরে।
সবুজ ঘাসে ঢাকা ওয়েসিসের চত্বরে অতিথিরা তাঁদের চেনাজানাদের কাছে পেয়ে কোমল পানীয়ে চুমুক দিতে দিতে মেতে ওঠেন হার্দিক আলাপচারিতায়। মন্ত্রী, সাংসদ, কূটনীতিক, রাজনীতিক, সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা, শিক্ষাবিদ, আইনবিদ, ব্যবসায়ী, বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা, নারীনেত্রী, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তারকা, ক্রীড়াবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের প্রতিনিধির মিলনমেলা হয়ে উঠেছিল চত্বরটি।
প্রথম আলোর বিশেষ আমন্ত্রণে বিদেশি বন্ধুদের মধ্যে এসেছিলেন ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার, প্রখ্যাত মার্কিন সাংবাদিক লরেন্স লিফশুল্ৎজ, মিসরের আল আহরাম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামাল আলী গাবালা, ভারতের টাইমস অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র ধারিওয়াল, আনন্দবাজার পত্রিকার বার্তা সম্পাদক হীরক বন্দ্যোপাধ্যায়, নেপালের কাঠমান্ডু পোস্ট-এর বার্তা সম্পাদক মুকুল হুমাগিন এবং ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি।
সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা পর্বের সূচনা করেছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক অতিথিদের শুভেচ্ছা জানিয়ে। প্রথম আলোর বর্ষপূর্তি আয়োজনের এবারের মূল ভাবনা ‘পথ হারাবে না বাংলাদেশ’। বিষয়টি নিয়ে আশা আছে নামে পাঁচ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনী ছিল শুরুতেই। ট্রেন দুর্ঘটনায় দুই পা হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের তরুণ শিক্ষার্থী সাইফুল সামিন তাঁর সহপাঠীদের অনুপ্রেরণা এবং প্রথম আলোর সহযোগিতায় ফিরলেন কর্মজীবনে। তিনি এখন কাজ করছেন প্রথম আলোর অনলাইনে। ময়মনসিংহের রিকশাচালক নিজের রক্ত পানি করা শ্রমে অর্জিত অর্থ দিয়ে গ্রামে গড়ে তুলেছেন একটি হাসপাতাল। প্রথম আলো এই প্রামাণ্যচিত্রে বলতে চেয়েছে, প্রতিকূলতা জয় করে তাঁদের এগিয়ে যাওয়ার এই অনন্য দৃষ্টান্তই প্রমাণ করে, বাংলাদেশ পথ হারাবে না।
অতিথিদের সম্ভাষণ জানিয়ে শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের দৃঢ়কণ্ঠেও সেই আশাবাদেরই প্রতিধ্বনি। তিনি বলেন, ‘আমরা সবাই মিলে ভালো থাকি। ভালো থাকুক বাংলাদেশ—এই আমাদের প্রত্যাশা।’ কিন্তু সবার মনেই এখন গভীর উদ্বেগ—বাংলাদেশ ভালো থাকবে তো? পথ হারাবে না তো? তিনি বলেন, দেশ গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে—এটিই সবার প্রত্যাশা। গত দুই দশকে নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ মানব উন্নয়ন সূচকসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক এগিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে উন্নতিতে ভারতকেও ছাড়িয়ে গেছে। বার্ষিক প্রবৃদ্ধি দুই দশকের বেশি সময় ধরে ৬ শতাংশ অব্যাহত রয়েছে। দেশের কৃষকেরা খাদ্যের চাহিদা মিটিয়েছেন। প্রবাসীরা মূল্যবান বৈদেশিক মুদ্রা পাঠিয়ে এবং পোশাকশ্রমিকেরা তাঁদের শ্রমে-ঘামে এই অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বৈদেশিক সাহায্যনির্ভরতা কাটিয়ে বাণিজ্যনির্ভর দেশ হিসেবে পরিচিত হয়ে উঠছে বাংলাদেশ। রাজনৈতিক পরিবেশ সংঘাতপূর্ণ না হলে এই অগ্রগতি আরও ত্বরান্বিত হতো।
জনগণের অংশগ্রহণে এই অগ্রগতির উদাহরণ দিয়ে মতিউর রহমান বলেন, অতীতে বিভিন্ন সংকটে দেশের সাধারণ মানুষই উত্তরণের পথ খুঁজে নিয়ে অগ্রগতি অব্যাহত রেখেছে। নিজের অবস্থার উন্নতির পাশাপাশি সামষ্টিক উন্নয়নের মধ্য দিয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রেখেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি, নারী-পুরুষের সম-অধিকারের পথ থেকে বিচ্যুত হবে না। পথ হারাবে না বাংলাদেশ। সব প্রতিবন্ধকতা জয় করে এগিয়ে যাবে। গণমানুষের এই অগ্রযাত্রায় প্রথম আলো তাদের সঙ্গে বিনয়ী সহযাত্রী হিসেবে পাশে থাকবে।
এরপর দেশের বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পীরা ‘আলোকের এই ঝর্নাধারায় ধুইয়ে দাও’ এবং ‘আলো আমার আলো ওগো’ গান দুটি গেয়ে শুনিয়েছেন। রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত পরিচালনায় তিনিসহ গানে অংশ নিয়েছেন পাপিয়া সারোয়ার, তপন মাহমুদ, ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, লিলি ইসলাম, মহিউজ্জামান চৌধুরী ও অদিতি মহসিন।
আনুষ্ঠানিকতার এখানেই শেষ। ব্যবস্থা ছিল হালকা খাবারের। এই মিলনমেলা ছিল রাত ১০টা পেরিয়ে যাওয়ার পরও। হেমন্তের ফিকে কুয়াশায় ঢাকা রাতে গানের রেশ নিয়ে ফেরেন অতিথিরা।
অতিথিদের মধ্যে যাঁরা ছিলেন: মন্ত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী ফারুক খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক মন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদ, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আওয়ামী লীগের নেতাদের মধ্যে ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন, নূহ-উল আলম লেনিন প্রমুখ।
বিএনপির নেতাদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, শমসের মবিন চৌধুরী, ইনাম আহমদ চৌধুরী ও মাহবুব উদ্দিন খোকন।
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মনজুরুল আহসান খান, হায়দার আকবর খান রনো, এম এম আকাশ।
সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ছিলেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ, আইনবিদ রফিক-উল হক, হাসান আরিফ ও রোকনউদ্দিন মাহমুদ, শিল্পী কাইয়ুম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, রাশেদা কে চৌধূরী, রশীদ হায়দার, শিল্পী আবুল বারক আলভী, শহীদ কবির, দেবপ্রিয় ভট্টাচার্য, আতিউর রহমান, আইনুন নিশাত, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, জাহেদা আহমেদ, অধ্যাপক মুহাম্মদ সামাদ, অধ্যাপক শরিফ উদ্দিন আহমেদ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপকেরা।
ব্যাংক ও ব্যবসাপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ছিলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, এসকেএফের ব্যবস্থাপনা পরিচালক সিমিন হোসেন, ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান কামরান বকর, রেকিট অ্যান্ড বেনকিজারের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল চৌধুরী, বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, সিটিব্যাংক এনএর প্রধান নির্বাহী রাশেদ মাকসুদ, এলজি বাটারফ্লাইয়ের চেয়ারম্যান এম এ মান্নান, বিক্রয় ডটকমের কান্ট্রি ম্যানেজার ইশিতা শারমিন ও বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক।
পদস্থ সরকারি কর্মকর্তাদের মধ্যে ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা, আবদুস সোবহান সিকদার, আবু আলম মো. শহিদ খান, নজরুল ইসলাম খান, কাজী আখতার হোসেন, খোরশেদ আলম চৌধুরী, মো. শহীদুল হক, মোহাম্মদ সাদিক, উজ্জ্বল বিকাশ দত্ত, শেলিনা আফরোজা, ইহসানুল করিম, প্রধান তথ্য কর্মকর্তা আমিনুল ইসলাম, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আব্দুন নূর, রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ, সিআইডির অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তাফিজুর রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া সাবেক পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কূটনীতিকদের মধ্যে ছিলেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন, চীনের রাষ্ট্রদূত লি জুন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন ইয়ান, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী, সুইজারল্যান্ডের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এড্রিয়ান স্কেলফারসহ অন্যরা।
সাংবাদিকদের মধ্যে ছিলেন এবিএম মূসা, ইকবাল সোবহান চৌধুরী, মাহ্ফুজ আনাম, তাসমিমা হোসেন, মনজুরুল আহসান বুলবুল, ইমদাদুল হক মিলন, শাইখ সিরাজ প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান, নারীনেত্রী হামিদা হোসেন, আয়েশা খানম, সেলিনা খালেক ও কবি কাজী রোজী; ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ ও আদিবাসী নেতা সঞ্জীব দ্রং। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও তারকাদের মধ্যে ছিলেন দিলারা জামান, নিমা রহমান, ফেরদৌস আরা, নকিব খান, হানিফ সংকেত, অঞ্জনা রহমান, চম্পা, ফেরদৌস, মাহমুদুজ্জামান বাবু, মাহফুজ আহমেদ, মেহের আফরোজ শাওন, সুমাইয়া শিমু, শখ, বিদ্যা সিনহা মিম, নিরব, ইমনসহ অনেকে।