
প্রথম আলোর রাঙামাটি প্রতিনিধি হরি কিশোর চাকমা গত বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। চট্টগ্রামে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় এনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজনেরা জানান, হরি কিশোর চাকমা বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি যান। সেখান থেকে ফিরে রাতে মোটরসাইকেলযোগে তিনি জেলা শহরের রাঙাপানি এলাকার বাসায় ফিরছিলেন। ওই সময় দুর্ঘটনার কবলে পড়েন।
রাঙামাটির সিভিল সার্জন স্নেহকান্তি চাকমা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রাঙামাটি মেডিকেল কলেজের কয়েকজন ছাত্র শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশ্রামাগার মোড়ে হরি কিশোর চাকমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পাশে তাঁর মোটরসাইকেলটি পড়ে ছিল। পরে তাঁরা হরি কিশোরকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসেন।
সিভিল সার্জন বলেন, হরি কিশোর মাথায় আঘাত পেয়েছেন। তাঁর ডান কান থেকে রক্ত বের হচ্ছিল। তিনি কাউকে চিনতে পারছিলেন না। তাঁর ছোট ভাই সূর্য কিশোর চাকমা জানান, বৃহস্পতিবার রাতে তাঁকে রাঙামাটি থেকে চট্টগ্রাম নগরের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল বেলা একটার দিকে অজ্ঞান অবস্থায় ঢাকায় নেওয়া হয়।