প্রথম আলোর রাঙ্গুনিয়া প্রতিনিধিকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা
পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে প্রথম আলোর রাঙ্গুনিয়া প্রতিনিধি ইব্রাহিম খলিলের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয়। গত শনিবার দুপুরে উপজেলার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামের কর্ণফুলী নদীর মরাখালের মুখ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি গতকাল রোববার রাঙ্গুনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।ইব্রাহিম জানান, বন প্রতিমন্ত্রীর একান্ত সহকারী এনায়েতুর রহিম ও সদ্য মুক্তি পাওয়া সন্ত্রাসী ইসমাইল ও কুসুম সরফভাটা ইউনিয়নের পূর্ব সরফভাটা গ্রামের সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় কেটে একই গ্রামের বিএনপি নেতার পুকুর ভরাট করছে। এ নিয়ে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।ইব্রাহিম অভিযোগ করেন, প্রতিবেদন প্রকাশ ও স্থানীয় ব্যক্তিদের আপত্তি সত্ত্বেও সন্ত্রাসীরা পাহাড় কেটে নিশ্চিহ্ন করে ফেলে। গত শনিবার সকালে পাহাড় কাটার ছবি তুলে ফেরার সময় বেলা ১২টার দিকে মরাখালের মুখ এলাকায় ইসমাইল ও কুসুমসহ ১৭-১৮ জন সন্ত্রাসী তাঁকে ও তাঁর সঙ্গী ইলিয়াছকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।