প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানার সামনে অবস্থিত প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে গতকাল শুক্রবার দুপুরে তালা ভেঙে চুরি হয়েছে। চোরেরা কার্যালয়ের সব নথিপত্র তছনছ করেছে। এ ব্যাপারে প্রথম আলোর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেছেন। প্রথম আলোর কার্যালয়টি নগরের কুমারপাড়া এলাকায় বোয়ালিয়া মডেল থানার সামনে একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। এর নিচতলায় প্রাইম্যাক্স সিস্টেম নামের একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয়, তৃতীয় তলায় এনটিভি ও চতুর্থ তলায় মোহনা টিভির কার্যালয় রয়েছে। পাঁচ তলায় বাসার মালিক সপরিবারে থাকেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এই প্রতিবেদক তথ্য সংগ্রহের জন্য তানোরের উদ্দেশে কার্যালয় থেকে বের হয়ে যান। দুপুর ১২টার সময় পিয়ন আইয়ুব আলী কার্যালয়ে তালা দিয়ে জুমার নামাজ পড়তে যান। ধারণা করা হচ্ছে, সোয়া ১২টা থেকে তিনটার মধ্যে যেকোনো সময় চুরির ঘটনা ঘটতে পারে। খবর পেয়ে পুলিশ এসে কার্যালয় পরিদর্শন করে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, শুধু চার-পাঁচ হাজার টাকার মালামাল নেওয়ার জন্য কেউ দিনের বেলায় এভাবে ঝুঁকি নিতে পারে না। নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্যে তারা প্রথম আলো কার্যালয়ে ঢুকেছিল। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।