প্রথম আলোর রায়পুর প্রতিনিধির বিরুদ্ধে ইউএনওর মামলা খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরোজ কুমার নাথ প্রথম আলোর রায়পুর প্রতিনিধির বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিলেন তা খারিজ করে দিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন। মামলাটি খারিজের আবেদন করে আইনজীবী রহমত উল্যা আদালতকে বলেন, মানহানির এ মামলায় সরকারের কোনো স্বার্থ নেই। এটি ইউএনওর ব্যক্তিগত মামলা। ব্যক্তিগত এ মামলায় তিনি দীর্ঘদিন ধরে আদালতে হাজিরা দেননি। ব্যক্তিগত মামলায় বাদীর উপস্থিতি একান্ত আবশ্যক। ২৮ জুন প্রথম আলোয় ‘তাহলে রায়পুরে ইউএনও কাদের ত্রাণ দিলেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদন প্রকাশের কারণে ৫০ লাখ টাকার মানহানি হয়েছে উল্লেখ করে সরোজ কুমার নাথ ১৪ জুলাই মুখ্য বিচারিক হাকিম অনিমা বালা সাহার আদালতে মামলা করেন। সরোজ কুমার বর্তমানে গাজীপুরের কাপাসিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা।