প্রথম আলোর শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধির ওপর হামলা


বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলে রাত সাড়ে আটটার দিকে মিসবাহকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চতুর্থ তলার পাঁচ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছেন মিসবাহ। রাত সাড়ে নয়টার দিকে যোগাযোগ করা হলে কর্তব্যরত চিকিত্সক প্রথম আলো ডটকমকে জানান, তাঁর বাঁ হাতের দুটো জায়গায় জখম রয়েছে। মিসবাহ বলেন, হামলাকারীরা তাঁকে ঘিরে ফেলে। তাদের হাতে রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র ছিল। মিসবাহ বলেন, তিনি সাংবাদিক পরিচয় দিলে এক মুখোশধারী বলে, ‘আমরা তোকে চিনেই এসেছি...।’ মিসবাহ ধারণা করছেন, সংবাদ নিয়ে অসন্তুষ্ট কোনো মহল তাঁর ওপর পরিকল্পিতভাবে হামলা করেছে। মিসবাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মীদের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য উত্তম কুমার দাশও ছিলেন। তিনি প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিগত দিনে ক্যাম্পাসে একই কৌশলে ইসলামী ছাত্রশিবিরের সন্ত্রাসীরা একাধিক হামলা করেছে। এর সঙ্গে এ হামলার যোগসূত্র আছে কি না, খতিয়ে দেখতে প্রশাসনকে বলেছি।’ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রথম আলো ডটকমকে জানান, মিসবাহর চিকিত্সার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন খোঁজ নিচ্ছে। এ ব্যাপারে জালালাবাদ থানা পুলিশকে অবহিত করা হয়েছে। জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলাকারীদের শনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলেও ওসি জানান।