প্রথম আলোর শুভার্থীদের আজ মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পরশু, ৪ নভেম্বর ২০১৫, প্রথম আলোর ১৭ বছর পূর্ণ হলো। আজ সন্ধ্যায় এ উপলক্ষে বসছে পত্রিকাটির শুভার্থীদের মিলনমেলা। সমাজের নানা স্তরে ছড়ানো এর সহযোগী, স্বজন ও বন্ধুরা একত্র হবেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ওয়েসিসে। বর্ষপূর্তির এই সন্ধ্যা শুধুই শুভেচ্ছা বিনিময়ের, আনন্দ উদ্যাপনের।
সন্ধ্যার শুরুতেই সামান্য অনুষ্ঠান। তাতে গান পরিবেশন করবেন দেশের সেরা কয়েকজন সংগীতশিল্পী। এর পরপর ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের স্বাগত বার্তা। ছয় মিনিটের একটি তথ্যচিত্র দিয়ে ছোট্ট আনুষ্ঠানিকতার সমাপ্তি।
এরপর শুধুই মিলনমেলার অফুরন্ত গল্প, উচ্ছ্বাস আর উৎসবের পালা। এ অনুষ্ঠান কেবলই আমন্ত্রিত অতিথিদের জন্য।
এরপরের সপ্তাহের উৎসব প্রথম আলোর সব পাঠককে নিয়ে। সে মিলন উৎসব বসবে আগামী শুক্রবার ১৩ নভেম্বর ২০১৫, বাংলা একাডেমির চত্বরে। উৎসব চলবে সকাল থেকে সন্ধ্যা, অবিরাম। সেখানে একের পর এক হবে গান, নাটক, জাদুসহ নানা কিছু। আর থাকবে প্রশ্নোত্তরপর্ব। পাঠকদের প্রশ্নের মুখোমুখি হবেন প্রথম আলোর সম্পাদকসহ জ্যেষ্ঠ কর্মীরা।