প্রথম আলোর সংবাদের প্রতিবাদ জানাল খুলনা আ.লীগ
খুলনার রূপসা সেতুর টোল আদায়ের সার্ভিস চার্জের দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগের ঘটনায় প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের একাংশের নেতা-কর্মীরা।গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব অঙ্গসংগঠনের পক্ষে লিখিত বক্তব্য পড়েন মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেলকে জড়িয়ে প্রথম আলো মিথ্যা, বানোয়াট ও কল্পিত সংবাদ পরিবেশন করেছে। এই সংবাদের কোনো ভিত্তি নেই। কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক বিভাগ বা সংশ্লিষ্ট থানায় লিখিত কোনো অভিযোগ না করায় প্রতীয়মান হয়, তরুণ প্রজন্মের অহংকার শেখ সোহেলকে জড়িয়ে প্রথম আলোতে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা হলুদ সাংবাদিকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু না।’আনিসুর রহমান বলেন, ‘ঠিকাদারি কাজে নয়টি ফরম বিক্রি হলেও মাত্র পাঁচটি প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেওয়ার উপযুক্ত ছিল। তাদের তিনটি অংশ নিয়েছে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুলনা সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘দরপত্র যদি ঠিকাদারেরা নেগোশিয়েট করে তা ঠিকাদারদের ব্যাপার। এর সঙ্গে আমরা সংশ্লিষ্ট নই।’সংবাদ সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ জেড এম মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি দেবদুলাল বাড়ই, সাধারণ সম্পাদক শাহ জামাল, খুলনা সিটি করপোরেশনের কাউন্সিলর শেখ আলী আকবরসহ অন্য কর্মীরা উপস্থিত ছিলেন।প্রতিবেদকের বক্তব্য: প্রথম আলোর কাছে সাধারণ ঠিকাদারদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদে বলা হয়েছিল, শেখ সোহেলের লোকজনের বাধার কারণে তিনটি প্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোর লোকজন দরপত্র জমা দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। দরপত্র জমা দেওয়ার সময় খুলনা সড়ক ভবনে শেখ সোহেলের ভাগনে নিক্সন চৌধুরী ও তাঁর লোকজনকে ঘোরাফেরা করতে দেখা গেছে। বাধার কারণে দরপত্র জমা দিতে না পারা ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ারের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেছিলেন, ‘তাঁরা কাজ পেলে সরকারের ১১ কোটি টাকা বেচে যেত।’প্রকাশিত সংবাদের তথ্যগুলো সত্য। বস্তুনিষ্ঠতার ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। ঠিকাদারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদে শেখ সোহেলের বক্তব্য প্রকাশিত হয়েছিল।