প্রথম আলোর সঙ্গে মার্কিন শিক্ষার্থীদের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তাসহ ১৮ জনের একটি প্রতিনিধিদল গতকাল বুধবার প্রথম আলোর সম্পাদকের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় তাঁরা প্রথম আলোর সংবাদ, সম্পাদকীয়, সামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তাঁরা পত্রিকাটির নীতিমালা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন।প্রতিনিধিদলে ছিলেন সাউদার্ন ইলিনয়, কেস ওয়েস্টার্ন রিজার্ভ ও মিসিসিপি ইউনিভার্সিটির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা। শিক্ষার অংশ হিসেবে শিক্ষার্থীরা বাংলাদেশ পরিদর্শন করছেন। তাঁরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করবেন।মতবিনিময়ের শুরুতে পত্রিকার বিভিন্ন দিক, উদ্দেশ্য ও লক্ষ্য এবং বিভিন্ন কর্মকাণ্ড প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন প্রথম আলোর উপসম্পাদক সাজ্জাদ শরিফ। পরে সম্পাদক মতিউর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম ও উপসম্পাদক আনিসুল হক শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটির শিক্ষার্থী ওয়েসলে মাইকেল উইলিয়ামসের এক প্রশ্নের জবাবে মতিউর রহমান বলেন, বাংলাদেশে প্রধান দুটি রাজনৈতিক দল পর্যায়ক্রমে সরকার গঠন করছে। আত্মপ্রকাশের পর থেকে পত্রিকাটিকে রাজনীতিবিদদের চাপে পড়তে হয়েছে। দলগুলো পত্রিকাকে নিয়ন্ত্রণ করতে চায়। এমনকি পত্রিকার সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকেরা দলগুলো দ্বারা নানা ধরনের হয়রানির শিকার হয়েছেন এবং হচ্ছেন। তা ছাড়া পত্রিকার নীতি হচ্ছে সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে অবস্থান নেওয়া। এ কারণে সমস্যায় পড়তে হচ্ছে। এ গোষ্ঠী চায়, পত্রিকাটি বন্ধ হয়ে যাক।শিক্ষার্থীরা পত্রিকার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের অর্থের উত্স সম্পর্কে জানতে চান। এমিলিয়া ক্যাল্ডওয়েলের প্রশ্নের জবাবে প্রথম আলোর সম্পাদক বলেন, দেশের ভেতরে ও বাইরে বসবাসরত বাংলাদেশিরা তাঁদের সহায়তা দেন। এসব অর্থের উত্স কোথায় এবং কোন খাতে তা ব্যয় করা হচ্ছে, তা পত্রিকায় প্রকাশ করা হয়। সাংবাদিকদের দুর্নীতির কথা জানতে চাইলে মতিউর রহমান বলেন, বাংলাদেশ টানা পাঁচবার দুর্নীতির শীর্ষে অবস্থান করেছে। এ দেশের সাংবাদিকদের অনেকেই এই দুর্নীতি থেকে মুক্ত নন। তবে প্রথম আলো এ ব্যাপারে খুবই সতর্ক। তিনি জানান, গত ১১ বছরে দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে।মিশেল উদেমের প্রশ্নের জবাবে সম্পাদক বলেন, ‘তরুণেরাই আমাদের প্রধান পাঠক। তবে সব শ্রেণীর পাঠকই পত্রিকা পড়ছে।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে সংবাদপত্রের পাঠক বাড়ছে। যুক্তরাষ্ট্র বা ইউরোপের মতো এখানে অনলাইন পত্রিকা এখনো অতটা জনপ্রিয় নয়।১৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের পরিচালক মিজানুর রহমান মিয়া। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন সাউদার্ন ইলিনয়ের শিক্ষার্থী আবু নাসের, লিসা পাওয়েল ও জোবেথ সইনসন, কেস ওয়েস্টার্ন রিজার্ভ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাইকেল উইস ও দেবরা জেকবসন, কর্মকর্তা মনট্রেসা ওয়াশিংটন, শিক্ষার্থী অ্যাঞ্জেলা অরুনা, কেথ অরুনা, শ্রুতি বসু, দোরোটা মোমিনিকা পোরাস্কা, কিম্বার্লি ডেনিস ইয়র্ক, ওমর জোসি, মেগান স্কুলস্টাড ও মিসিসিপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উইরিজোয়া রায়।