প্রথম আলোর সঙ্গে শিক্ষাবৃত্তির চুক্তি সই করেছে এইউডব্লিউ
প্রথম আলো ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) গতকাল সোমবার একটি চুক্তি সই করেছে। এর আওতায় এ বছর থেকে অনগ্রসর ও দরিদ্র পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েসন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। চুক্তির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থী এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে লেখাপড়ার জন্য এ বৃত্তি পাবেন। পাঁচ বছরের জন্য বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীর লেখাপড়া, থাকা-খাওয়ার সব খরচ বহন করা হবে। প্রথম আলোর পক্ষে সম্পাদক মতিউর রহমান এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পক্ষে পরিচালক (ভর্তি) রেহানা আলম খান চুক্তিতে সই করেন। প্রথম আলোর কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া স্টারের পরিচালনা পর্ষদের সদস্য রোকেয়া আফজাল রহমান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রধান পরিচালন কর্মকর্তা ওমর শরীফ, প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন ও জ্যেষ্ঠ সহসম্পাদক ফিরোজ জামান চৌধুরী, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ উপস্থিত ছিলেন।