প্রথম আলোর সম্পাদক ও প্রতিবেদককে হুমকিতে আসকের উদ্বেগ
দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল বৃহস্পতিবার আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আসক বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছে, সম্প্রতি খুলনার রাজনৈতিক পরিস্থিতি ও সন্ত্রাস নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকেই স্থানীয় প্রভাবশালী ও দুর্বৃত্ত চক্র মোবাইল ফোনে ইফতেখার মাহমুদকে হুমকি দিয়ে আসছিল। এমনকি এ ঘটনায় তারা প্রথম আলোর বিরুদ্ধে হয়রানিমূলক মামলাও দায়ের করেছে।আসকের পক্ষ থেকে আরও বলা হয়, ‘আমরা মনে করি, দেশে গণতন্ত্রকে সুসংহত রাখতে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা থাকা জরুরি। সংবাদ প্রকাশের কারণে এমন হুমকি স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।’ সংশ্লিষ্ট প্রশাসন এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সংস্থাটি আশা করে। বিজ্ঞপ্তি।