প্রথম আলোর সম্পাদক ও প্রতিবেদকের আগাম জামিন
ফরিদপুরে দায়ের হওয়া দুটি মানহানির মামলায় প্রথম আলো র সম্পাদক মতিউর রহমান ও জ্যেষ্ঠ প্রতিবেদক তানভীর সোহেলের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আদালতে প্রথম আলোর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী রমজান আলী সিকদার ও আফতাব উদ্দিন ছিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশিদ। প্রসঙ্গত, গত বছরের ২২ অক্টোবর প্রথম আলোতে ‘ফরিদপুরে মন্ত্রীর ভাই-ই সব’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে মানহানির অভিযোগে গত ২৩ অক্টোবর খন্দকার মোহতেশাম হোসেন (বাবর) ও মো. খাইরুদ্দিন (মিরাজ) প্রথম আলো সম্পাদক ও জ্যেষ্ঠ প্রতিবেদকের বিরুদ্ধে ফরিদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পৃথক দুটি মামলা করেন। এ দুটি মামলায় গতকাল হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে প্রথম আলো র সম্পাদক ও প্রতিবেদক আগাম জামিনের আবেদন করেন।