খুলনায় দায়ের হওয়া একটি মানহানির মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও জ্যেষ্ঠ প্রতিবেদক ইফতেখার মাহমুদের দুই মাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।গতকাল বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাঁদের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী রমজান আলী শিকদার।গত বছরের ৪ অক্টোবর ‘জলদস্যু থেকে জননেতা!’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। ওই বছরের ১৮ অক্টোবর মানহানির অভিযোগে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে (ক-অঞ্চল) প্রথম আলোর সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলাটি করেন খুলনার সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন। এ মামলায় গতকাল তাঁরা আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।