প্রথম আলোর সম্পাদক ও সহযোগী সম্পাদকের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে দায়ের করা একটি মানহানির মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক মিজানুর রহমান খানের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলাটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। এ ছাড়া মামলাটি অন্য আদালতে বদলির নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। প্রথম আলোর সম্পাদক ও সহযোগী সম্পাদকের বিরুদ্ধে এ মামলা করা হয় ১৪ ডিসেম্বর। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষে সেক্রেটারি ফর সোশ্যাল সার্ভিস অ্যান্ড এন্টারটেইনমেন্ট মুহাম্মদ মহসীন মিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ক-অঞ্চল) মামলাটি করেন। এ মামলায় গতকাল সকালে আদালতে উপস্থিত হয়ে প্রথম আলোর সম্পাদক ও সহযোগী সম্পাদক আগাম জামিনের আবেদন জানান। এ ছাড়া আদালত বদলের জন্যও আবেদন জানানো হয়। শুনানি নিয়ে আদালত আদেশ দেন। আদালতে সম্পাদক ও সহযোগী সম্পাদকের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কামাল হোসেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী রমজান আলী সিকদার ও নাজীব হুদা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।পরে রমজান আলী সিকদার প্রথম আলোকে বলেন, আদালত দুই মাসের জামিন মঞ্জুর করেছেন। জামিননামা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করতে বলা হয়েছে। মামলার আবেদনে বাদী অভিযোগ করেন, ১০ ডিসেম্বর প্রথম আলোর ১২ পৃষ্ঠায় ‘অভিষেকে প্রধান বিচারপতি’ শিরোনামে ‘সরল গরল’ কলামে মিজানুর রহমান খানের লেখা ছাপা হয়। ওই লেখায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সব আইনজীবীর সামাজিক মর্যাদা ও সম্মানহানি ঘটেছে। ওই দিন বিচারিক হাকিম গোলাম কবির মামলা গ্রহণ করে প্রথম আলোর সম্পাদক ও সহযোগী সম্পাদকের বিরুদ্ধে সমন জারি করেন ও আগামী ১ জানুয়ারি মামলার শুনানির দিন ধার্য করেন।