প্রথম আলোর সাংবাদিক ছিনতাইকারীর কবলে
রাজধানীর পল্লবীর কালসি রোডের নিজ বাসার কাছে প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহীদ এজাজ গত সোমবার রাতে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা চাপাতি দেখিয়ে রাহীদের ব্যক্তিগত মোটরসাইকেল, টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে গেছে।সোমবার দিবাগত রাতে রাহীদ এজাজ প্রথম আলো কার্যালয় থেকে মোটরসাইকেলে বাসার উদ্দেশে রওনা হন। রাত দেড়টার দিকে বাসার কাছে একটি প্রাইভেট কার তাঁর গতিরোধ করে। একপর্যায়ে ওই গাড়ি থেকে চার ছিনতাইকারী নেমে তাঁকে চাপাতির মুখে জিম্মি করে। তারা তাঁর কাছ থেকে মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এরপর তারা রাহীদের পকেট থেকে পাঁচ হাজার টাকা, একটি মুঠোফোন, একটি করে ক্রেডিট ও এটিএম কার্ড ছিনিয়ে নেয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁকে লক্ষ করে চাপাতি ছুড়ে মারলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর ছিনতাইকারীরা রাহীদের বাজাজ কোম্পানির পালসার মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-১৫-৪৬৯৮) চালিয়ে পালিয়ে যায়। ঘটনাটি গতকাল মঙ্গলবার সকালে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার ইমতিয়াজ আহমেদকে অবহিত করা হয়েছে।এ ব্যাপারে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, বিষয়টির তিনি খোঁজ নিচ্ছেন।