প্রথম আলোর সাংবাদিক পরিচয়ে প্রতারণা একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর সাংবাদিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এস এম রানা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।চাকরির আশ্বাস দিয়ে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ গ্রহণের সময় তাঁকে গত বৃহস্পতিবার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে প্রথম আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে ছাপানো ভিজিটিং কার্ডসহ দুটি পত্রিকার পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।ডিবির উপকমিশনার (উত্তর) মাহাবুবর রহমানের তত্ত্বাবধানে সহকারী কমিশনার মোহাম্মদ তৌহিদুল ইসলামের নেতৃত্বে ডিবির একটি দল বৃহস্পতিবার মোহাম্মদপুর টাউন হল এলাকায় এক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার সময় রানাকে গ্রেপ্তার করে।তৌহিদুল ইসলাম বলেন, দুই ভাইকে এনজিওতে ও ব্যাংকে চাকরি দেওয়ার কথা বলে মেরাজ আকবর নামের এক ব্যক্তির কাছ থেকে রানা ২০ হাজার টাকা নেন। আরও ১০ হাজার টাকা দিলে যোগদানপত্র দেওয়ার কথা ছিল। এই টাকা নেওয়ার সময়ই রানাকে গ্রেপ্তার করা হয়।এ ছাড়া রানা নিজেকে প্রথম আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার বা চিফ ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে দীর্ঘদিন প্রতারণা করে আসছিলেন। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আরও কয়েকজন প্রতারণার অভিযোগ এনেছেন। তিনি প্লট দেওয়ার কথা বলেও এক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন।