প্রথম আলোর সাংবাদিককে হত্যার হুমকি
বরগুনায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীনকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গত মঙ্গলবার প্রথম আলোতে ‘সওজের সোয়া দুই কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশের পর ওই দিন রাত পৌনে ১০টার দিকে সুমন নামে এক যুবক জসীম উদ্দীনকে ফোনে এই হুমকি দেন।সুমন বলেন, ‘তুই আমার চাচা সিদ্দিক মিয়ারে চিনো না। তুই তার বিরুদ্ধে লেখছো কেন? পোলা তুই এখন কোথায়? তোরে এত সাহস কে দেছে? তোর হাত কাইট্টা সাংবাদিকতার নাম ভুলাইয়্যা দিব। তোরে খুন করব। শুধু বল তুই কোথায় আছো।’ পরে সুমনের নেতৃত্বে ১৫-২০ জন যুবক শহরের প্রথম আলোর কার্যালয়সহ কয়েকটি স্থানে প্রথম আলোর প্রতিবেদককে খোঁজাখুঁজি করেন। রাতেই বিষয়টি বরগুনা জেলা প্রশাসক মজিবুর রহমান ও পুলিশ সুপার শ্যামল চন্দ্র নাথকে জানানো হয় এবং বরগুনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ফকির বলেন, ওই ফোন নম্বরটি অনুসন্ধান করে নিশ্চিত হওয়া গেছে এটি সুমনের ব্যক্তিগত নম্বর।উদ্ভূত পরিস্থিতি নিয়ে বুধবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে জরুরি সভা করে সুমনকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। প্রেসক্লাবের সভাপতি হাসান ঝন্টুর সভাপতিত্বে সভায় জ্যেষ্ঠ সাংবাদিক আবদুল আলীম, আনোয়ার হোসেন, চিত্তরঞ্জন শীল, হাফিজুর রহমান, সঞ্জীব দাস, হারুন অর রশিদ প্রমুখ বক্তব্য দেন।ঘটনার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সমিতি বেতাগী শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাবেক সভাপতি মো. আসাদুল ইসলাম, মো. শামীম সিকদার, মো. আবুল বাসার খান ও মিজানুর রহমান। সভায় বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রথম আলোর প্রতিবেদককে যথাযথ নিরাপত্তা এবং হুমকিদাতা সুমনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়।বরগুনার পুলিশ সুপার শ্যামল চন্দ্র নাথ বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং প্রথম আলোর প্রতিবেদকের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সে ব্যাপারে পুলিশকে সতর্ক রাখা হয়েছে।’ ঘটনা জানার পর স্থানীয় আওয়ামী লীগ নেতারাও বিষয়টি দেখছেন বলে প্রথম আলো প্রতিবেদককে আশ্বস্ত করেছেন। গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত ‘সওজের সোয়া দুই কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ’ শীর্ষক প্রতিবেদনে দেখা যায়, ওই কাজের মধ্যে স্থানীয় আওয়ামী লীগদলীয় সাংসদের ভায়রা ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ৬১ লাখ টাকার একটি কাজ পেয়েছেন। এই সিদ্দিকুর রহমানের ভাইয়ের ছেলে সুমনই প্রথম আলো প্রতিবেদককে হত্যার হুমকি দেন।