প্রথম আলোর সাংবাদিকের পৈতৃক জমি দখল
উচ্চ আদালতের রায় উপেক্ষা করে গতকাল শনিবার নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইল এলাকায় প্রথম আলোর সাংবাদিকের পৈতৃক জমি দখল করেছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক খালিদ হাসান নিয়াজের বাবা মোহাম্মদ হোসেন আলী গতকাল নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে হোসেন আলীর বাড়ির পেছনের জমি দখল করে পাশের বাড়ির মালিক তছলিমা হকের মেয়ে, মিলনসহ বেশ কয়েকজন সন্ত্রাসী। তারা সেখানে পাকা টয়লেটসহ স্থাপনা নির্মাণে কাজ শুরু করে। হোসেন আলী তাদের বাধা দিলেও সন্ত্রাসীরা কাজ চালাতে থাকে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় জিডি করা হয়। বেলা সাড়ে তিনটায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি উচ্চ আদালতের রায়ের কাগজপত্র দেখে তছলিমা হকের মেয়েসহ সন্ত্রাসীদের কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু পুলিশ চলে যাওয়ার পর বিকেল সাড়ে চারটার দিকে মিলনসহ সন্ত্রাসীরা আবার নির্মাণকাজ শুরু করে। বিষয়টি আবার পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই সন্ত্রাসীরা সটকে পড়ে। পুলিশ চলে গেলে সন্ত্রাসীরা আবার কাজ শুরু করে। জানা যায়, হোসেন আলী সিএস ৩৫৭ দাগের ২২ শতাংশ জমি নিয়ে ১৯৯৯ সালে নারায়ণগঞ্জে ১ নম্বর যুগ্ম জেলা জজ আদালতে একটি বণ্টনের (বাটোয়ারা) মামলা করেন। রায়ে বাদী ৮ দশমিক ৫৯ শতাংশ জমির সাহাম (মালিকানা) পান। ওই মামলার ৩ নম্বর বিবাদী তছলিমা হক ৩ দশমিক ৪৩ শতাংশ জমির সাহাম পান। এই রায়ের বিরুদ্ধে তছলিমা হক অতিরিক্ত জেলা জজ-২-এর আদালতে আপিল করলে আদালত তা খারিজ করে দেন। এরপর তছলিমা হক হাইকোর্টে আপিল করেন। ২০০৮ সালের ১৮ জুলাই হাইকোর্টের বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি আফজাল হোসেন আহাম্মদের দ্বৈত বেঞ্চ তছলিমার আপিল খারিজ করে দেন। ফলে বহাল থাকে নিম্ন আদালতের রায়। হাইকোর্টের রায় অনুযায়ী স্থানীয় ভূমি অফিসে তছলিমার নামে ৩ দশমিক ৪৩ শতাংশ জমি নামজারি করা আছে। সরেজমিনে দেখা গেছে, ওই দাগে একটি চারতলা ভবন (এই ভবনের সেপটিক ট্যাংক নেই) ও সামনের খালি জায়গাসহ তছলিমা হক ৪ শতাংশ জমি দখল করে রেখেছেন। এই ৪ শতাংশের বাইরে গতকাল দুপুরে হোসেন আলীর খালি জায়গায় গিয়ে পাকা টয়লেটসহ স্থাপনার নির্মাণকাজ শুরু করে তছলিমার মেয়ে ও তার সন্ত্রাসীরা। হোসেন আলী বলেন, ‘আদালতের রায় এবং পুলিশের নির্দেশনা উপেক্ষা করে তছলিমা হকের মেয়ে ভাড়াটে সন্ত্রাসীদের নিয়ে আমার জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছে। বাধা দিলে সন্ত্রাসীরা আমাকে প্রাণনাশের হুমকি দেয়।’এসআই নজরুল ইসলাম জানান, হোসেন আলীর জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই জমিতে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করতে তছলিমার হকের মেয়ে ও তার সহযোগীদের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ চলে আসার পর তারা নির্মাণকাজ অব্যাহত রাখে। হোসেন আলী তাঁর দাবির সপক্ষে উচ্চ আদালতের রায়ের অনুলিপিসহ প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারলেও তছলিমা হকের মেয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তাদের আজ রোববার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে থানায় আসতে বলা হয়েছে।