প্রথম আলোর সাংবাদিকের মোটরসাইকেল চুরি
রাজধানীর আসাদ গেটের আড়ংয়ের সামনে থেকে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক শরিফুল হাসানের মোটরসাইকেলটি চুরি হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় শরিফুল হাসান বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন।
শরিফুল হাসান জানান, আজ ইফতারের পর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি তাঁর গ্ল্যামার মোটসাইকেলটি (ঢাকা-মেট্টো-হ-৩৫-১৭৩৬) আড়ংয়ের প্রধান ফটকের সামনে রেখে দ্বিতীয় তলায় ঢোকেন। কিছুক্ষণ পর তিনি অফিসে যাওয়ার জন্য নিচে নেমে দেখেন মোটরসাইকেলটি নেই। তিনি আড়ংয়ের নিরাপত্তাপ্রহরীদের ঘটনা জানালে তারা বলেন, রাস্তায় রাখা মোটরসাইকেলের নিরাপত্তা তারা দেন না। পরে তিনি আড়ংয়ের ওই শাখার ব্যাবস্থাপক এবং টহল পুলিশকে ঘটনা জানান। এরপর তিনি মোহাম্মদপুর থানায় গিয়ে এ ব্যাপারে মামলা করেন।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, এই ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, পুলিশ মোটরসাইকেলটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।