প্রথম আলোর সাত দিনের অনুষ্ঠানমালা শুরু আজ
প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘আলোয় আঁধারে’ শিরোনামে আজ শনিবার থেকে সাত দিনের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজধানীর জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ১৯ নভেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে। এ ছাড়া একই জায়গায় প্রতিদিন বিকেল পাঁচটা থেকে এই সাত দিন নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
দর্শনার্থীদের জন্য আজ বেলা ১১টায় প্রদর্শনী উন্মুক্ত করা হবে। এরপর প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এটা উন্মুক্ত থাকবে। প্রদর্শনীতে প্রথম আলো পত্রিকা, অনলাইন ও সার্বিক কার্যক্রম নিয়ে স্থাপনা থাকবে। প্রথম আলোর নির্বাচিত ছবি ও শিশিরের কার্টুন দেখতে পাবেন দর্শনার্থীরা। পাঠকদের আলোকচিত্র এবং শিশুদের চিত্রাঙ্কন প্রদর্শন করা হবে। এর বাইরে প্রতিদিন থাকবে আলোচনা, গানসহ নানা অনুষ্ঠান। আলোচনাসহ অন্যান্য অনুষ্ঠান শুরু হবে বিকেল পাঁচটা থেকে।
প্রদর্শনীর শুরুর দিন আজ শনিবার বিকেল পাঁচটায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বক্তা হিসেবে থাকবেন শিল্পী ওয়াকিলুর রহমান ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। গান গাইবেন শিল্পী সায়ন্তনী ত্বিষা।
দ্বিতীয় দিন আগামীকাল রোববার ‘গণমাধ্যম, গণতন্ত্র ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম।
তৃতীয় দিন সোমবার (১৫ নভেম্বর) ‘বাংলার মুখ’ শিরোনামে পাঠকদের আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন দৃকের প্রতিষ্ঠাতা শহিদুল আলম। বক্তা হিসেবে থাকবেন আলোকচিত্রী তাসলিমা আখ্তার। গানের দল সহজিয়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ‘আমার বাংলাদেশ’ শিরোনামে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি থাকবেন চিত্রশিল্পী রফিকুন নবী। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করবেন ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান। শিল্পী অবন্তি সিঁথি গান পরিবেশ করবেন।
বুধবার (১৭ নভেম্বর) নিজের বই নিয়ে আলোচনা করবেন আকবর আলি খান, আনোয়ারা সৈয়দ হক ও মহিউদ্দিন আহমদ। এতে গান গাইবেন ফারহিন খান জয়িতা ও আবৃত্তি করবেন জাভেদ হুসেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ‘পাঠকের মুখোমুখি’ শিরোনামের অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও জ্যেষ্ঠ সাংবাদিকেরা। গান গাইবেন অটামনাল মুন।
শুক্রবার (১৯ নভেম্বর) চরকি উৎসবে আধখানা ভালো ছেলে আধা মস্তান, মুন্সিগিরি ও নেটওয়ার্কের বাইরে ছবির অংশবিশেষ প্রদর্শন করা হবে। ওই তিন ছবির শিল্পীদের সঙ্গে আলাপচারিতা ও গানের আয়োজন থাকবে। শেষে প্রথম আলোর পাঠকদের জন্য আয়োজন করা কুইজের পুরস্কার বিতরণ করা হবে।