খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথম আলোর সাবেক প্রতিনিধি উম্মে উমামার বহিষ্কার আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। গত বৃহস্পতিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রব সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের চূড়ান্ত শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।জানা গেছে, ২০১০ সালের ৫ এপ্রিল তুচ্ছ ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। একই বছরের ৪ জুন শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ১৪৩তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও শিক্ষকদের গালাগালের অভিযোগে ৩৪ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর বিরুদ্ধে শিক্ষার্থীরা একাডেমিক কাউন্সিলে আপিল করেন। কাউন্সিল ২৯ জুন তাঁদের শাস্তি কমিয়ে অর্ধেকে আনে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে উম্মে উমামা হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানির পর ২০১০ সালের ১৮ জুলাই আদালত বহিষ্কার আদেশের কার্যকারিতা স্থগিত করেন এবং রুল জারি করেন। রুলের ওপর চূড়ান্ত শুনানির পর বৃহস্পতিবার আদালত ওই রায় দেন।উম্মে উমামার পক্ষে শুনানি করেন আইনজীবী জহুরুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী শামীম খালেদ। জহুরুল গতকাল প্রথম আলোকে বলেন, উম্মে উমামার বহিষ্কার আদেশ অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।