প্রথম আলোর সাহসী যাত্রা ধরে রাখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঠক হিসেবে প্রথম আলোর কাছে নিজের প্রত্যাশা তুলে ধরেন তিনি। নারায়ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারি, ২০১৮। ছবি: সাইফুল ইসলাম
পাঠক হিসেবে প্রথম আলোর কাছে নিজের প্রত্যাশা তুলে ধরেন তিনি। নারায়ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারি, ২০১৮। ছবি: সাইফুল ইসলাম

প্রথম আলো ১৯ বছর ধরে সমাজে অনেক পরিবর্তন এনেছে, পাঠকের রুচি বদলিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সাহস জুগিয়েছে। সাহস নিয়ে এগিয়ে চলতে প্রথম আলোর এই ভূমিকা ধরে রাখতে হবে। অনেক পত্রিকার বিরুদ্ধে আঙুল তোলা হয়, এই পত্রিকা ওই দলের। কিন্তু প্রথম আলো কোনো দলের নয়। তাই প্রথম আলোর কাছে প্রত্যাশাটা বেশি।

নারায়ণগঞ্জে শনিবার প্রথম আলোর পাঠক সমাবেশে এভাবেই নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন বিভিন্ন শ্রেণি-পেশার পাঠকেরা। নারায়ণগঞ্জ ক্লাবে প্রথম আলো আয়োজিত এই পাঠক সমাবেশে রাজনীতিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি, সরকারি-বেসরকারি চাকুরে, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অন্তরঙ্গ পরিবেশে প্রথম আলোর প্রতি তাঁরা নিজেদের ভালো লাগা, চাহিদা ও অভিযোগ-অনুযোগের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্যের পর প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল এলাকার সাত কিশোরীকে নিয়ে বানানো তথ্যচিত্র ‘সাত সাহসী’ দেখানো হয়। এই সাত সাহসী কিশোরী বাল্যবিবাহ, ইভ টিজিং রুখে দিতে তৈরি করেছে ‘ঘাসফুল’ নামের একটি সংগঠন।

পাঠক সমাবেশ বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। নারায়ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারি, ২০১৮। ছবি: সাইফুল ইসলাম
পাঠক সমাবেশ বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। নারায়ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারি, ২০১৮। ছবি: সাইফুল ইসলাম

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর জ্যেষ্ঠ বার্তা সম্পাদক শাহেদ মুহাম্মদ আলী। তিনি বলেন, প্রথম আলো বেশি করে পাঠকের কথা শুনতে চায়। তাঁদের আকাঙ্ক্ষা অনুযায়ী পত্রিকা সাজাতে চায়। ১৯ বছর পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জসহ ২০টি জেলায় পাঠকদের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। আরও সামনে এগিয়ে যেতে প্রথম আলো পাঠকদের পরামর্শ চায়।

নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা বলেন, ‘প্রথম আলো আজও তার সাহসী ভূমিকা অব্যাহত রেখেছে। নারায়ণগঞ্জের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। এখানে সরকার বলতে বুঝি একটি পরিবার। আর বিরোধী দল হচ্ছে সেসব সাহসী মানুষ, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ভবিষ্যতেও প্রথম আলো সাহসিকতার সঙ্গে পাশে দাঁড়াবে।’ নারায়ণগঞ্জের সংস্কৃতির খবর আরও বড় পরিসরে ছাপানোর দাবি করেন তিনি।

অন্যান্য সংবাদ প্রকাশের পাশাপাশি প্রথম আলো শিক্ষাক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন বিদ্যানিকেতন স্কুলের শিক্ষক সালমা আকতার। তিনি বলেন, শিক্ষার্থীদের পঠন ও মননে প্রথম আলো বড় ভূমিকা রাখছে।

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘আমরা যারা সন্ত্রাস পছন্দ করি না, যারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করি, তারা প্রথম আলোকে পছন্দ করি। নারায়ণগঞ্জে যখন সন্ত্রাসীরা সন্ত্রাস করে, ত্বকীকে হত্যা করে, শীতলক্ষ্যার পানিকে রক্তাক্ত করে, তখন তাঁদের বিরুদ্ধে আন্দোলন, লড়াই-সংগ্রামে প্রথম আলোকে পাশে পেয়েছি। ভবিষ্যতে প্রথম আলোকে আরও সাহসী ভূমিকায় পাশে পেতে চাই।’

প্রথম আলোর বিষয়ে নিজের মত তুলে ধরেন এক পাঠক। নারায়ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারি, ২০১৮। ছবি: সাইফুল ইসলাম
প্রথম আলোর বিষয়ে নিজের মত তুলে ধরেন এক পাঠক। নারায়ণগঞ্জ, ১০ ফেব্রুয়ারি, ২০১৮। ছবি: সাইফুল ইসলাম

ভবিষ্যতে নারায়ণগঞ্জের প্রতি বিশেষ দৃষ্টি চান জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, নারায়ণগঞ্জের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। প্রথম আলো পরিবর্তন আনার চেষ্টা করছে। মতিউর রহমান বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি, সফলতাকে সমর্থন করে প্রথম আলো এগুলোকে আরও এগিয়ে নিতে চায়। প্রথম আলো বাংলাদেশের মানুষের বিজয় দেখতে চায়। আরও সাহসী, অনুসন্ধানী, মানবিক সংবাদ ও বিজয়ের গল্প ছাপার চেষ্টা করছে প্রথম আলো। নারায়ণগঞ্জের শিল্প, কলকারখানা, সংস্কৃতি, শিক্ষা এগিয়ে নিতে এবং সুন্দর শহর হিসেবে নারায়ণগঞ্জকে গড়ে তুলতে প্রথম আলো পাশে থাকবে।’

এরপর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। শুরুতেই সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সৌরভ হোসাইন জানতে চান, প্রথম আলোর ই-পেপার কেন বন্ধ? তাঁর বক্তব্য, ই-পেপার থাকলে রাত-দিন যেকোনো সময় মোবাইল ফোনে পত্রিকা পড়া যেত। এটি বন্ধ হওয়ায় নিয়মিত পত্রিকা পড়া হচ্ছে না।
এ ছাড়া নানা বিষয়ে প্রশ্ন ও পরামর্শ দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম, আইনজীবী এহসানুল করিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন, নাগরিক কমিটির এ বি সিদ্দিক, কেন্দ্রীয় খেলাঘরের সাধারণ সম্পাদক জহিরুজ্জামান প্রমুখ।

পাঠক সমাবেশে উপস্থিত ছিলেন প্রথম আলোর সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম জাকারিয়া, সার্কুলেশন বিভাগের উপমহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ, ইভেন্টসের ব্যবস্থাপক কবির বকুল, প্রথম আলোর অনলাইন সংস্করণের পালাপ্রধান মাহফুজার রহমান, ফিচার বিভাগের সহসম্পাদক হাবিবুল্লাহ সিদ্দিক ও নিজস্ব প্রতিবেদক মাহবুবুল আলম।